প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪ ১১:৪৮ এএম
আগের দিনই ম্যাচের ভাগ্য অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। চতুর্থ দিনে বাকি কাজটিও সহজ করে দিলেন ব্রাইডন কার্স ও জ্যাকব বেথেল। আগুনে বোলিংয়ে কার্স শিকার করলেন ছয় উইকেট। ম্যাচে তার শিকার মোট দশ উইকেট। আর অভিষেক ম্যাচেই আগ্রাসী ফিফটি উপহার দিলেন বেথেল। তাতেই রান তাড়ায় রেকর্ড গড়ে জিতল ইংল্যান্ড।
ক্রাইস্টচার্চের হাগলি ওভালে টেস্টে সবচেয়ে কম ওভারে (লক্ষ্য ন্যূনতম ১০০) জয়ের রেকর্ড গড়েছে ইংল্যান্ড। কিউইদের মাত্র ১০৪ রানের লক্ষ্যের বিপরীতে ইংলিশরা ১২.৪ ওভারে ৮ উইকেট হাতে রেখেই জিতেছে। এর আগে বাংলাদেশের দেওয়া ১০৯ রানের লক্ষ্য ১৮.৪ ওভারে পেরিয়েছিল নিউজিল্যান্ড।
রবিবার নিউজিল্যান্ড ৬ উইকেটে ১৫৫ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে। ড্যারিল মিচেল অপরাজিত থাকায় কিছুটা আশাও টিকেছিল নিউজিল্যান্ডের। ব্যক্তিগত ১৯ রানের পর দিন শুরু করে আজ তিনি ৮৪ রানের ইনিংস খেলেছেন। ১৬৭ বলের ইনিংসে ১২টি চার ও একটি ছয় হাঁকিয়েছেন ডানহাতি এই ব্যাটার।
তবে কার্সের বোলিং তোপে তাকে আর কেউ সেভাবে সঙ্গ দিতে পারেনি। ফলে কিউইদের দ্বিতীয় ইনিংস থামে ২৫৪ রানে। ৪২ রানে ৬ উইকেট নেন কার্স। তৃতীয় টেস্ট খেলতে নামা পেসার ম্যাচে ১০ উইকেট নিলেন কেবল ১০৬ রান দিয়েই। হ্যামিল্টনে সেই ২০০৮ সালের মার্চে রায়ান সাইডবটমের পর দেশের বাইরে ১০ উইকেটের স্বাদ পেলেন ইংল্যান্ডের কোনো পেসার।
প্রথম ইনিংসে ৪৯৯ রান করে ১৫১ রানের লিড পেয়েছিল ইংল্যান্ড। ফলে ম্যাচে তাদের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১০৪ রানের। লক্ষ্য তাড়ায় জ্যাক ক্রাউলি ১ ও বেন ডাকেট ২৭ রান করে সাজঘরে ফিরে যান। তবে বেথেল ঝোড়ো ব্যাটিংয়ে প্রথম ফিফটি তুলে নিয়েছেন। ৩৭ বলে ৮ চার ও এক ছক্কায় জয় নিশ্চিত করে ফেরেন এই তরুণ। জো রুট অপরাজিত ছিলেন ২৩ রানে।
ম্যাচে ১০ উইকেটের সঙ্গে প্রথম ইনিংসে ৩৩ রানের ক্যামিও ইনিংস খেলে ম্যাচের সেরা কার্স। দ্বিতীয় টেস্ট ওয়েলিংটনে শুরু শুক্রবার।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৩৪৮
ইংল্যান্ড ১ম ইনিংস: ৪৯৯
নিউজিল্যান্ড ২য় ইনিংস: ৭৪.১ ওভারে ২৫৪ (আগের দিন ১৫৫/৬) (মিচেল ৮৪, স্মিথ ২১, হেনরি ১, সাউদি ১২, ও’রোক ৫*; ওকস ৩/৫৯, অ্যাটকিনসন ১/৫৭, কার্স ৬/৪২)।
ইংল্যান্ড ২য় ইনিংস: ১২.৪ ওভারে ১০৪/২ (ক্রলি ১, ডাকেট ২৭, বেথের ৫০*, রুট ২৩*; হেনরি ১/১২, ও’রোক ১/২৭)।
ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ইংল্যান্ড ১-০তে এগিয়ে।
ম্যান অব দা ম্যাচ: ব্রাইডন কার্স।