প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ২০:০৮ পিএম
খুব করে থেকে যেতে চেয়েছিলেন রুড ফন নিস্তলরয়। কিন্তু থাকা হয়নি। পরিবর্তনের মাঝ দিয়ে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের কোথাও জায়গা হয়নি ডাচম্যানের। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছেন নিস্তলরয়। তাও লিগের অন্যতম ক্লাব লেস্টার সিটির প্রধান কোচ হিসেবে।
ব্যর্থতার দায়ে কদিন আগে ওল্ড ট্রাফোর্ড থেকে ছাঁটাই হয়েছেন এরিক টেন হাগ। রেড ডেভিলদের অন্তর্বর্তীকালীন হিসেবে তখন ডাগআউট সামলেছিলেন নিস্তলরয়। ধুঁকতে থাকা ক্লাব জয়ের ধারায়ও ফিরেছিল। চার ম্যাচের তিনটিতে জয় এবং অপরটিতে ড্র করেছিল ইউনাইটেড। তবে পর্তুগিজ কোচ হুবেন আমুরি আসায় ইউনাইটেডে কোচিংয়ের সুযোগ নেই নিস্তলরয়ের।
স্পোর্টিং লিসবন থেকে আমুরি তার সাপোর্ট স্টাফের সবাইকে নিয়ে আসায় ইউনাইটেড ছাড়তে হয় নিস্তলরয়কে। তবে প্রত্যাবর্তনটা যুৎসই হয়েছে তার। গত রবিবার কোচ স্টিভ কুপারকে বরখাস্ত করে লেস্টার সিটি। এর পর নতুন কোচ হিসেবে নিস্তলরয়ের নাম ঘোষণা করে সিটি।
লেস্টার সিটি জানিয়েছে, ফন নিস্তলরয়ের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ ২০২৭ মৌসুমের শেষ পর্যন্ত।