প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ০৩:৪৯ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪ ০৪:২৭ এএম
শারমিন আক্তার সুপ্তা
শারমিন আক্তার সুপ্তা হৈচৈ ফেলে দিয়েছেন। আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জাতীয় দলের হয়ে নেমেছিলেন দেড় বছর বিরতি শেষে। ফিরেই তাক লাগিয়ে দিয়েছেন। নিজের প্রত্যাবর্তন রাঙিয়ে ৮৯ বলে ৯৬ রানের ইনিংস খেলেছেন সুপ্তা। তার ইনিংসের সুবাদে বাংলাদেশ রেকর্ড পুঁজি পায়। পরে জয় পায় রেকর্ড ১৫৪ রানের ব্যবধানে। যেকোনো খেলোয়াড়ের জন্যই দেড় বছর দর্শক থাকা কঠিন। মেয়েদের জন্য সময়টা একটু বেশিই। কারণ ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায় না মেয়েরা।
এ পরিস্থিতি সুপ্তার ফেরাকে কীভাবে দেখছেন? প্রশ্নের উত্তরে নারী দলের ব্যাটিং কোচ নাসিরুদ্দিন ফারুক গতকাল শুক্রবার মিরপুরে বলেন, ‘আমার কাছে মনে হয় সুপ্তা অনেক পরিশ্রমী। ওর অনুশীলনের প্যাটার্ন আগে থেকেই ভালো ছিল। সালাহউদ্দিন ভাইয়ের কাছে সবসময় নার্সিংয়ে ছিল। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা সবচেয়ে ভালো লেগেছে ওর যে খেলার প্যাটার্ন, প্রসেস সেটাকে ব্যাক করেছে নিজের খেলাটাকে। সেটার জন্য মানসিকভাবে অনেক ভালো অবস্থায় ছিল।’
সুপ্তার সামনে সুযোগ ছিল বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক হওয়া। অবশ্য বাংলাদেশের সেঞ্চুরি করেছেন একজনই। বাদ পড়ার পর একদমই ভালো করতে পারছিলেন না সুপ্তা। তার এমন বদলকে কীভাবে দেখছেন? এ প্রশ্নের উত্তরে ফারুক বলেন, ‘সেটা আমি প্রথমে বলেছি মানসিকতা। ব্যাটিংয়ের প্যাটার্ন ও ওয়ার্ক এথিক সবসময় ভালো ছিল। খুব পরিশ্রমী। মেয়েদের ক্রিকেটে এ ধরনের ইনিংস খুব একটা দেখা যায় না। একটা জিনিস ভালো লাগছে, আগে আপনারা সবসময় বলতেন আমরা একজনের ওপর নির্ভর; তবে এখন মনে হচ্ছে সবাই সক্ষম রান করার জন্য।’
এই সিরিজে বাংলাদেশ পূর্ণ ৬ পয়েন্টে চোখ রেখেছে। ২ পয়েন্ট এরই মধ্যে নিশ্চিত হয়েছে। আরও ৪ পয়েন্টের হাতছানি। কোনোভাবেই তা হারাতে চায় না দল। গতকাল শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ এবং দুপুর ২টা ৩০ মিনিটে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছে। আজ শনিবার সকাল ১০টায় দুই দল দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে।