প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১১:৪৩ এএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ১২:০১ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের নতুন মৌসুম শুরু হচ্ছে আজ। উদ্বোধনী দিনে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে সর্বশেষ মৌসুমের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং রানার্সআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম দিনে কিংসের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। সাদা-কালোরা খেলবে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে। একই দিনে অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ পুলিশ এফসি।
একই সময় দুপুর আড়াইটায় হবে মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ। এবারের বিপিএলে উন্নীত হওয়া ব্রাদার্সের ম্যাচটি গড়াবে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। রহমতগঞ্জের বিপক্ষে মোহামেডান খেলবে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে। এবারের আসরেই লিগের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মাঠে। এদিকে, বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকাল সাড়ে পাঁচটায় ফ্লাড লাইটের আলোয় মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বিপিএলের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস। এ ছাড়া লাইভ দেখা যাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইউটিউব চ্যানেলে।
প্রিমিয়ার লিগে রেকর্ড টানা পাঁচবারের চ্যাম্পিয়ন কিংস। এবারও দলটির লক্ষ্য শিরোপা ধরে রাখা। গত মৌসুমে কিংসকে কঠিন চ্যালেঞ্জই জানিয়েছিল মোহামেডান। ফেডারেশন কাপ এবং প্রিমিয়ার লিগে কিংসের কাছেই শিরোপা খোয়াতে হয়েছে আলফাজের শিষ্যদের। গত মৌসুমে ট্রেবলজয়ী কিংস এবারও মৌসুম শুরু করেছে শিরোপা দিয়েই। নতুন টুর্নামেন্ট বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপা জয় করে মৌসুম শুরু করেছে গত মৌসুমের ট্রেবলজয়ীরা। এবারও সেই ধারা ধরে রাখতে চায় তারা। কিংসের গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবন জয় দিয়ে মৌসুম শুরুর বিষয়ে আশাবাদী, ‘আমরা শিরোপা দিয়ে এবারের মৌসুম শুরু করেছি। এটা অবশ্যই দলের সকলকে উজ্জীবিত করবে। সকলের আত্মবিশ্বাস রয়েছে। আমরা জয় দিয়ে লিগ শুরু করার বিষয়ে আশাবাদী।’

প্রথম ম্যাচে কিংসের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। এবারের লিগে পৃষ্ঠপোষকতার অভাবে দল গঠন করতে বেগ পেতে হয়েছে ক্লাবটিকে। বিদেশি খেলোয়াড় ছাড়াই দল গঠন করতে হয়েছে তাদের। তবে প্রতিপক্ষকে কোনোভাবেই দুর্বল মানছেন না বসুন্ধরার গোলরক্ষক শ্রাবন, ‘যতটুকু জানি তাদের দলে শুধুমাত্র একজন বিদেশি ফুটবলার আছে। তাও সে সুস্থ আছেন কি না জানি না। শেষ মুহূর্তে এসে তারা দলবদল করেছে। তবে যাই হোক মাঠে কোনো প্রতিপক্ষকেই দুর্বল ভাবার সুযোগ নেই। প্রতিপক্ষ প্রতিপক্ষই। আমরা সেভাবেই মাঠে নামব।’
কিংসের নিয়মিত মুখ রবসন রবিনহো। এবারের মৌসুমে ক্লাব ছেড়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। রবসনকে ছাড়াই বসুন্ধরা আগের মতোই এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন শ্রাবন, ‘এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। ফুটবলাররা আসবেন, নতুন ফুটবলার যাবেন। তবে আমরা আমাদের বর্তমান দল নিয়ে সন্তুষ্ট। আমাদের দলে ভালো মানের ফুটবলার রয়েছে। নতুন বিদেশি ফুটবলার এসেছেন তারাও ভালো। ফুটবলটা তো একজনের খেলা নয়। সবাই মিলে খেলতে হয়। একজন না থাকলে তার অভাব অন্যরা পূরণ করে দেবে।’
একই কথা বলেছেন দলের সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি, ‘প্রতি বছরই দলে একটা পরিবর্তন আসে। ফুটবলটা একজনের খেলা না। ফুটবলটা দলগত খেলা। আমাদের মিগেল আছে, জনাথন (ফার্নান্দেস) আছে। আমরা এখন আমাদের অন্য ভাবনায় খেলব।’
অন্যদিকে জয় দিয়ে আসর শুরু করার বিষয়ে আশাবাদী মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে। শুধু প্রথম ম্যাচে জয় না এবারের আসরে শিরোপা জয়ে লক্ষ্যের কথাই জানিয়েছেন তিনি, ‘আমরা এবারের মৌসুমে শিরোপা জয় করতে চাই। গত মৌসুমে শিরোপার খুব কাছে ছিলাম। তবে ট্রফি জিততে পারিনি। এবার দলের সকলেই কঠোর পরিশ্রম করছে। ব্যক্তিগতভাবে আমরাও কঠোর পরিশ্রম করছি। আমাদের লক্ষ্য এবার শিরোপা ঘরে তোলা।’