প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১১:৩৪ এএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ১১:৪১ এএম
জাতীয় দলে দীর্ঘদিন ব্রাত্য তিনি। আইপিএলের মেগা নিলামেও কোনো দল তার প্রতি আগ্রহ দেখায়নি। বারবার বিতর্কে জড়িয়েছেন। পুলিশে মামলা পর্যন্ত হয়েছে তার বিরুদ্ধে। আইপিএলে জায়গা না পেয়ে অবশেষে মুখ খুললেন ভারতীয় ব্যাটার। সমাজমাধ্যমে তাকে নিয়ে যে মশকরা হয় তাতে তিনি কতটা কষ্ট পান, সে কথা জানিয়েছেন পৃথ্বী শ।
একটি ভিডিও বার্তায় মুখ খুলেছেন পৃথ্বী। তিনি জানিয়েছেন, সমাজমাধ্যমে যারা তাকে নিয়ে মশকরা করেন, তাদের কাউকেই তিনি চেনেন না। তারাও কেউ তাকে অনুসরণ করে না। তার পরও মশকরা চলতেই থাকে। তিনি বলেন, ‘ওরা আমার অনুসরণকারীদের তালিকায় নেই। তার পরও আমাকে নিয়ে মশকরা করে। তার মানে ওরা আমার দিকে নজর রাখছে। আমি কী করছি সে খবর রাখে।’
বেশিরভাগ মশকরা তিনি সহ্য করে নিলেও কখনও কখনও তার কষ্ট হয়। কিন্তু কাউকে কিছু বলতে পারেন না পৃথ্বী।
ভারতীয় ব্যাটার বলেন, ‘আমাকে নিয়ে মশকরা করলে বা মিম বানালে আমিও দেখি। কিছু কিছু বিষয় খুব নিম্নরুচির হয়। আমারও তো কষ্ট হয়। ভাবি আমি কী ভুল করেছি? কেন আমাকে নিয়ে এত মশকরা হচ্ছে? কিন্তু আমি কাউকে বলতে পারি না। রাস্তায় কেউ আমাকে দেখলেই ভাবে আমি অনুশীলন না করে এখানে কী করছি। তারা জানেই না আমি সারা দিনে কী করি। সবকিছু ভেবে নেয়।’
কয়েক দিন আগে পৃথ্বীর একটি নাচের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল। অনেকে মন্তব্য করেছিলেন, এসব না করে অনুশীলন করলে তিনি জাতীয় দলে জায়গা পেতেন। সেই ভিডিও নিয়েও মুখ খুলেছেন পৃথ্বী। ভারতীয় ব্যাটার বলেন, ‘আমার জন্মদিন ছিল। তাই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলাম। তাতেও সবার সমস্যা! আমি শুধু ভাবি, কী এমন ভুল আমি করলাম।’
জাতীয় দল থেকে বাদ পড়ার পর বিশৃঙ্খলার অভিযোগ উঠেছিল পৃথ্বীর বিরুদ্ধে। তার ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। ব্যাটে রানও ছিল না। গতবার আইপিএল দিল্লির হয়ে কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন। তার মাঝে এক অভিনেত্রী পৃথ্বীর বিরুদ্ধে থানায় হেনস্থার অভিযোগ করেছিলেন। সে ঘটনা নিয়েও কম বিতর্ক হয়নি। অবশেষে মুখ খুললেন পৃথ্বী।