প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪ ২১:১৭ পিএম
অন্য ক্রিকেটাররা যেখানে টাকা পেছনে, সেখানে ব্যতিক্রম বেন স্টোকস। নাম, যশ আর টাকা কামানোর অন্যতম মাধ্যম আইপিএল। বিশ্বব্যাপী ক্রিকেটাররা তীর্থের কাকের মতো অপেক্ষা করেন ভারতের ঘরোয়া আসরটির জন্য। নিজেকে ফ্রাঞ্চাইজিগুলোতে দেখতে নিলামের জন্য নাম জমা দেন অনেকেই। অথচ গতবারের মতো এবারও আসরটি থেকে নিজেকে সরিয়ে রেখেছেন ইংল্যান্ড অধিনায়ক। আইপিএল নিলামে নামই জমা দেননি তারকা এই পেস অলরাউন্ডার।
আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ হিসেবে স্টোকস জানিয়েছেন, দেশের জার্সিতে ক্যারিয়ার দীর্ঘ করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আইপিএলের নতুন আসর উপলক্ষ্যে ইংল্যান্ডের ৫২ জন ক্রিকেটার নাম জমা দেন। সেখানে সবচেয়ে বড় চমক স্টোকসের অনুপস্থিতি। গত আইপিএলেও ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্টের’ জন্য খেলেননি তিনি। এবারও নাম দেননি নিলামে। আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, মেগা নিলামে নাম নিবন্ধন না করলে বিদেশি ক্রিকেটারদের পরের আসরেও অংশ নিতে দেওয়া হবে না। তাই অন্তত ২০২৬ সাল পর্যন্ত আইপিএলে স্টোকসকে দেখা যাবে না। যদিও এ নিয়ে মাথা ব্যথা নেই ইংল্যান্ডের লাল বলের অধিনায়কের।
বিসিসি স্পোর্টসকে এ নিয়ে স্টোকস বলেছেন, ‘আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে। এটা নিয়ে লুকোচুরি কিছুই নেই। এই মুহূর্তে চাইবো, যতদিন সম্ভব দেশের জন্য খেলে যাওয়া। একই সঙ্গে নিজের শরীরের প্রতিও খেয়াল রাখা উচিত।’
আইপিএল না খেললেও আসন্ন এসএ টোয়েন্টিতে খেলবেন স্টোকস। এ নিয়ে তিনি বলেছেন, অবশ্যই আগামী বছর দক্ষিণ আফ্রিকাতে খেলব। সব মিলিয়ে সামনে কী কী আছে এবং ক্যারিয়ার যতটা সম্ভব দীর্ঘ করতে কী করা উচিত আমার, সেই সিদ্ধাই গুরুত্বপূর্ণ। যতদিন সম্ভব ইংল্যান্ডের জার্সি গায়ে চাপাতে চাই আমি।’