× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যানফিল্ডে আজ লিভারপুল-রিয়াল মহাদ্বৈরথ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪ ১৮:০০ পিএম

অ্যানফিল্ডে আজ লিভারপুল-রিয়াল মহাদ্বৈরথ

আন্তর্জাতিক বিরতির পর গতকাল মঙ্গলবার ফের মাঠে গড়িয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের খেলা। ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের মতো ইউরোপীয় জায়ান্টরা ভিন্ন ম্যাচে খেলেছে এদিন। পঞ্চম রাউন্ডের বাকি খেলাগুলো মাঠে গড়াবে আজ। একাধিক ম্যাচের মধ্যে বোধকরি জমজমাট লড়াই দেখা যাবে লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদের বিপক্ষের ম্যাচটিতে। রিয়ালের বিপক্ষে হারের বৃত্তে আটকে থাকা অলরেডদের প্রতিশোধের ম্যাচ হবে, না জয়ের পাল্লা আরও ভারী করবে রিয়াল, সেটিই দেখার অপেক্ষা।

হাইভোল্টেজ এই ম্যাচে রাত ২টায় রিয়ালকে আতিথেয়তা দেবে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগ টপারদের মুখোমুখি হওয়ার আগে অবশ্য ছন্দেই আছে লস ব্ল্যাঙ্কোসরা। লা লিগায় সর্বশেষ দুটি ম্যাচ জিতেছে কার্লো আনচেলত্তির দল। তারপরও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৪ ম্যাচে অপরাজিত থাকা অলরেডদের বিপক্ষে পূর্ণ তিন তুলে নেওয়া মোটেও সহজ হবে না রিয়ালের জন্যÑ এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। 

ওসাসুনার বিপক্ষে ৪-০ এবং লেগানেসের বিপক্ষে ৩-০ গোলে জিতে অ্যানফিল্ডে এখন রিয়াল। তারপরও খুব একটা স্বস্তিতে নেই কোচ আনচেলত্তি। দলে একাধিক ইনজুরির প্রবণতাই ভাবাচ্ছে তাকে। বিশেষ করে ভিনিসিয়ূস জুনিয়রের জায়গায় কাকে খেলাবেন কোচ সেটিই বড় প্রশ্ন। লেফট উইংয়ে সে ক্ষেত্রে দেখা যেতে পারে কিলিয়ান এমবাপেকে। এই পজিশনে খেলার জন্য যে ফ্রান্স ফরোয়ার্ড পুরোপুরি প্রস্তুত সেটাও তিনি জানিয়ে রেখেছেন লেগানেসের বিপক্ষে ম্যাচের পর, ‘মনে হচ্ছে আজ আমি পারফর্ম করতে পেরেছি। ধীরে ধীরে আমার সতীর্থদের সঙ্গে মানিয়ে নিচ্ছি, বোঝাপড়া ভালো হচ্ছে। দলের জন্য আমি যেকোনো পজিশনে খেলতে প্রস্তুত আছি। লেফট উইং, রাইট উইং, মাঝমাঠে কোনো ব্যাপার না; আমি গোল করে দলকে সাহায্য করতে চাই।’

অ্যানফিল্ডে গোল পেতে চাইলে এমবাপেকে জিততে হবে ভার্জিল ফন ডাইকের বিপক্ষে মুখোমুখি দ্বৈরথে। লিভারপুলের রক্ষণের নেতৃত্ব দীর্ঘদিন ধরেই নেদারল্যান্ডসদের এই তারকার কাঁধে। রিয়ালকে আতিথেয়তার আগে বলেছেন, ‘সত্যি বলতে ম্যাচ জেতার জন্য প্রতিশোধের কোনো রসদের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা চ্যাম্পিয়নস লিগ, বড় ম্যাচ, দারুণ একটা ফিকশ্চার, আমরা এই ম্যাচটা জিতে টেবিলের শীর্ষে যেতে চাই।’ 

ফন ডাইক না চাইলে রিয়ালের বিপক্ষে ম্যাচের আগে বারবার আসছে প্রতিশোধের কথাটি। কেননা এই প্রতিযোগিতায় স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে সর্বশেষ আট ম্যাচে জয়হীন অলরেডরা। সর্বশেষ মৌসুমে ঘরের মাঠে ৫-২ ব্যবধানে হারার পর স্পেনে গিয়েও ১-০ গোলে হার মানে লিভারপুল। ২০২১ সালে এই অ্যানফিল্ডেই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে রিয়ালকে রুখে দিয়েছিল লিভারপুল। পরে অবশ্য পেনাল্টিতে গিয়ে আর পেরে ওঠেনি ইংলিশ জায়ান্টরা। বারবার হারের পর এবার অন্তত জয় চাইছেন দলের অন্যতম সেরা তারকা ফন ডাইক, ‘আমি তাদের কখনই হারাতে পারিনি। তাদের বিপক্ষে রেকর্ডটা (টানা আট ম্যাচে জয়হীন লিভারপুল) আমাকে হতাশ করে। তবে আমরা ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী। আমি সামনে তাকিয়ে আছি এবং বড় একটা জয় চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা