× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস লিগ

৩ গোলের লিড নিয়েও পয়েন্ট খোয়াল সিটি, আর্সেনালের গোল উৎসব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪ ১১:২৫ এএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪ ১৩:২৩ পিএম

৩ গোলের লিড নিয়েও পয়েন্ট খোয়াল সিটি, আর্সেনালের গোল উৎসব

আর্লিং হালান্ড জোড়া গোল পূর্ণ করলেন। তার ২ গোলের মাঝে জালে বল জড়ালেন ইলকাই গিনদোয়ানও। কিন্তু দুর্ভাগ্য! ৩ গোলে এগিয়ে থেকেও জয়ের স্বাদ পেল না ম্যানচেস্টার সিটি! পথ হারিয়ে ১৪ মিনিটে ৩ গোল খেয়ে পয়েন্ট খোয়ালেন কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে টানা পাঁচ হারের পর মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও জয়বঞ্চিত হয়েছে সিটি। তাদের হতবাক করে দেয় ফেইনুর্ড। টানা ৩ গোল করে ইতিহাদ স্টেডিয়ামে জয়সমতুল্য ড্রয়ের উল্লাসে মাতে ডাচ ক্লাবটি। ম্যাচ শেষ হয় ৩-৩ গোলের সমতায়।

টুর্নামেন্টের অন্য ম্যাচে গোল উৎসব করেছে আর্সেনাল। স্পোর্টিং লিসবনকে ৫-১ গোলে ধসিয়ে দিয়েছে গানার শিবির। গাব্রিয়েল মার্তিনেল্লি, কাই হাভার্টজ ও গাব্রিয়েল মাগালিয়াইসের গোলে প্রথমার্ধেই ম্যাচের লাগাম টেনে ধরে কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। বিরতির পর গনসালো ইনাসিও একটি গোল শোধ করে স্পোর্টিংয়ের হয়ে। পরে বুকায়ো সাকা ও লেয়ান্ত্রো ত্রোসারের গোলে দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে ইংলিশ ক্লাবটি।

গত ৩০ অক্টোবর লিগ কাপে হার দিয়ে খারাপ সময়ের শুরু সিটির। টটেনহ্যাম হটস্পারের কাছে আত্মসমর্পণ করে ব্যর্থতার খোলসে আটকে পড়ে সিটি। পরে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে বোর্নমাউথ, ব্রাইটন ও টটেনহ্যামের কাছে ধরাশায়ী হয় তারা। চ্যাম্পিয়নস লিগে নিজেদের আগের ম্যাচে সিটি হারে স্পোর্টিংয়ের মাঠে।

নিজেদের মাঠে আক্রমণে আধিপত্য ধরে রেখে খেলতে থাকে সিটি। ম্যাচের ৪৪তম মিনিটে হালান্ডের সফল স্পট কিকে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। নরওয়ের এ তারকা ফরোয়ার্ড ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেই সুযোগই কাজে লাগান নরওয়ের এ তারকা। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে বাঁ পায়ের ক্ষিপ্রগতির শটে গোল ব্যবধান দ্বিগুণ করেন জার্মান মিডফিল্ডার গিনদোয়ান। তিন মিনিট পর মাথিউস নুনেসের বাড়ানো বল বাঁ পায়ের নির্ভুল নিশানার শটে ব্যবধান ৩-০ তে বাড়িয়ে ফেলেন হালান্ড।

ম্যানসিটি সবশেষ জয়ের দেখা পেয়েছিল গত ২৬ অক্টোবর, সাউদ্যাম্পটনের বিপক্ষে। দীর্ঘ বিরতি শেষে সিটির জয়ে ফেরার সম্ভাবনা জোরাল হচ্ছিল। কিন্তু আচমকা আঘাত হানতে থাকে ফেইনুর্ড। লড়াইয়ের ৭৫তম মিনিটে ব্যবধান কমান আনিস হেজ মুসা। সাত মিনিট যেতে না যেতে ফের সিটির জালে বল পাঠিয়ে লড়াই জমিয়ে তোলেন সান্তিয়াগো হিমেনেস। আর নির্ধারিত সময় শেষের আগের মিনিটে আরেক গোল করে ম্যাচের চিত্রনাট্য পাল্টে দেন দাভিদ হানচকো। পাঁচ ম্যাচে দুই জয় ও দুই ড্রয়ে ৮ পয়েন্টের পুঁজি নিয়ে ১৫ নম্বরে নেমে গেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। ৭ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে উঠে গেছে ডাচ ক্লাব ফেইনুর্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা