প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ২১:৪৫ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪ ২১:৪৮ পিএম
বাংলাদেশ ক্রিকেটে একই চিত্র বারবারই দৃশ্যমান। সেটা হোক নারী কিংবা পুরুষ ক্রিকেট। বোলাররা ম্যাচ জিইয়ে তুলেছেন, সেই ম্যাচ হাত ফসকে পড়ার কারণ ব্যাটাররা। অ্যান্টিগাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও ভিন্ন কিছু ঘটেনি। তাসকিন আহমেদ-হাসান মাহমুদরা সবরকমের চেষ্টা চালিয়েছেন। অথচ ব্যাটাররা থেকেছেন আসা যাওয়ার মিছিলে। দুই ইনিংস মিলিয়ে দেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন মুমিনুল হক। ৫০ রান করতে পেরেছিলেন এই ব্যাটার।
লিটন দাস-জাকির আলীদের ব্যর্থতায় ১-০ তে সিরিজ পিছিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের ৩৩৪ রান তাড়া করতে নামা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে থামে ১৩২ রানে, ক্যারিবিয়ানরা জিতেছে ২০১ রানের বিশাল ব্যবধানে। সফরের প্রথম ম্যাচে পরাজয় নিয়ে ব্যাটারদের ওপর কিছুটা মনক্ষুন্ন টাইগার দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে সম্প্রচার চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই অলরাউন্ডার বলেছেন, ‘দেখেন, সত্যিকার অর্থে আমরা ভালো বোলিং করেছি। তাসকিন ছয় উইকেট পেয়েছে। তবে সাত উইকেট (প্রথম ইনিংস) পতনের পর তারা একটি ভালো জুটি পেয়েছে। সেখানেই ম্যাচ হেরে যাই আমরা। এটা স্বীকার করতে হবে, এই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করিনি।’
প্রথম টেস্ট হারলেও পরের ম্যাচ নিয়ে আশা হারাচ্ছেন না মিরাজ। ব্যর্থতার শিকল ভেঙে, ভুল শুধরে পরের ম্যাচে দ্বিগুণ শক্তিতে ফেরার প্রত্যয় তার। তিনি বলেছেন, ‘আমি মনে করি, আমরা কিছু ভুল করিছ। সেসব শুধরে পরের ম্যাচে শক্তভাবে ফিরতে চাই আমরা। ভুল সম্পর্কে জানি, কোথায় সমস্যা সেটা মোটেও অজানা নয়। এটা নিয়ে টিম মিটিং আলোচনা করে নেব। আমাদের শক্তিশালী পেস ইউনিট আছে। বিশেষ করে তাসকিন আহমেদ ও নাহিদ রানা ভালো বোলিং করেছে। একই সঙ্গে তাইজুল ইসলাম প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করেছে। তাদের পারফরম্যান্সে সত্যিই আমি অভিভূত।’