জাতীয় ক্রিকেট লিগ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ২০:৩৫ পিএম
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডে মাত্র ১২ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হয়েছেন নাঈম ইসলাম। রংপুর বিভাগের ৩৭ বছর বয়সি এই ব্যাটার ঢাকা মেট্রোর বিপক্ষে ২০৫ বলে ৮৮ রানের ইনিংস খেলেছেন। নাঈমের মতো সেঞ্চুরির নাগাল পাননি এনামুল হক বিজয়ও। চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ১১৫ বলে ৭৫ রান করে ফিরেছেন খুলনা বিভাগের এই ওপেনার। আরেক ম্যাচে বল হাতে ঝলক দেখিয়েছেন সিলেট বিভাগের পেসার খালেদ আহমেদ। ডান হাতি এই পেসারের ৪ উইকেট শিকারে বরিশাল বিভাগের বিপক্ষে জয়ের পথে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি।
চট্টগ্রাম-খুলনা ম্যাচে রোমান্স
সিলেট একাডেমি মাঠে চট্টগ্রাম-খুলনা ম্যাচে রোমান্সের অপেক্ষা। খুলনার
দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ১১৮ রান করেছে চট্টগ্রাম।
শেষ দিনে চট্টগ্রামের দরকার ৮৬ রান, খুলনার ৩ উইকেট। আহমেদ শরিফ ৫ ও আশরাফুল হাসান
২৮ রান নিয়ে শেষ দিনে ব্যাটিংয়ে নামবেন। খুলনার পেসার আল-আমিন হোসেন ৪ উইকেট শিকার
করেন।
প্রথম ইনিংসে খুলনার ২০৪ রানের জবাবে ২২০ রানে অলআউট হয়ে গিয়েছিল
চট্টগ্রাম। এরপর ১ উইকেটে ৫৬ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমে ২১৯ রানে গুটিয়ে যায়
খুলনা। বিজয়ের ৭৫ রানের পাশাপাশি আট নম্বরে নেমে ৪৯ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেন
শেখ পারভেজ জীবন। এনামুল হক আশিক ৪টি ও আশরাফুল হাসান ৩ উইকেট পান।
জয়ের পথে সিলেট
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে জয়ের পথে স্বাগতিক
সিলেট। বরিশালের ৩০৪ রানের জবাবে ৬ উইকেটে ২১৭ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমে ৩৪২
রানে অলআউট হয় সিলেট। তোফায়েল আহমেদ ৬৪ ও রেজাউর রহমান রাজা ৩৫ রান করেন। বরিশালের
পেসার রুয়েল মিয়া ৩টি ও স্পিনার সোহাগ গাজী ২ উইকেট পান।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪২ রানে গুটিয়ে যায় বরিশাল।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন সোহাগ গাজী। এ ছাড়া মইন খান ৩২ ও ওপেনার আব্দুল মজিদ
১৯ রান করেন। সিলেটের পেসার খালেদ আহমেদ ৪টি ও তোফায়েল ৩টি উইকেট নেন। শেষ দিনে ১০৫
রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে সিলেট।
রংপুরের ত্রাতার ভূমিকায় নাঈম
কক্সবাজারের একাডেমি মাঠে ড্রয়ের দিকে এগোচ্ছে ঢাকা মেট্রো ও রংপুরের
ম্যাচ। প্রথম ইনিংসে মেট্রোর ৪৭৫ রানের জবাবে তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ২৫৩ রান করেছে
রংপুর। ১৬ রান নিয়ে দিন শুরু করা নাঈম ইসলাম ৮৮ রানে আউট হয়েছেন। অধিনায়ক আব্দুল্লাহ
আল মামুন ৪০ ও তানভীর হায়দার ৩৯ রানে অপরাজিত আছেন। মেট্রোর দুই পেসার মেহেদি হাসান
ও আনিসুল ইসলাম ৩টি করে উইকেট পান।