প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ১৯:৪৬ পিএম
বঙ্গবন্ধু স্টেডিয়ামেই আসন্ন নারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের আশা বাফুফের। সংগৃহীত ছবি
সংস্কারের জন্য প্রায় তিন বছর ধরে খেলা নেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ভেন্যু সংকটের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনে হিমশিম খাচ্ছে। এর মধ্যে অনূর্ধ্ব-২০ নারী সাফের আয়োজক হয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধুতেই তারা সাফের আয়োজন করবে এমনটাই পরিকল্পনা ছিল। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন সাফের হোস্ট ফর্মে বঙ্গবন্ধু স্টেডিয়ামের কথা উল্লেখ রয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত না হলে সাফ বাংলাদেশে আয়োজিত হবে কিনা এটা সাফের উপর নির্ভর করবে।
আগামী ফেব্রুয়ারি বসবে নারী সাফের আসর। তার আগেই সাফের ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছেন কিরণ। সদ্য সিনিয়র সাফ চ্যাম্পিয়ন হওয়া কোচ পিটার বাটলারই অ-২০ দলের কোচ থাকবেন বলে জানিয়েছেন কিরণ, ‘আমি পিটারের সঙ্গে কথা বলেছি। আগামী মাসের (ডিসেম্বর) এক তারিখ থেকে আমরা ক্যাম্প শুরু করবো। ট্রেনিং কোথায় হবে এটা এখনো ঠিক করা হয়নি। ট্রেনিং বসুন্ধরার মাঠেও হতে পারে। এছাড়া আবাহনীর মাঠেও হতে পারে। তবে যেখানেই করি ঘাষের মাঠেই করবো। কারণ আমরা যদি বঙ্গবন্ধুতে খেলি তবে আমাদের ঘাসের মাঠে খেলতে হবে।’
বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ এখনো চলছে। ডিসেম্বরের মধ্যে বাফুফেকে খেলার উপযোগি করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে ফ্লাড লাইটের কাজ বাকি থাকবে। তাতে সময়ের প্রয়োজন হবে। সাফ সিডিউলে প্রতিদিন দুটি করে ম্যাচ থাকায় ফ্লাড লাইট ছাড়া খেলা চালানো যাবে না। সেক্ষেত্রে সিদ্ধান্ত সাফের হাতে চলে যাবে, তারা বিকল্প ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনৈ করবে নাকি বাংলাদেশ টুর্নামেন্ট সরিয়ে নিবে। এ নিয়ে কিরন বলেন, ‘আমরা হোস্ট হয়েছি বঙ্গবন্ধুতে খেলবো বলেই। আমাদের সেখানেই খেলতে হবে। আমরা যখন হোস্ট ফর্মে সাইন করি তার আগে আমি বাফুফে থেকে জাতীয় ক্রীড়া পরিষদে প্রতিনিধি পাঠিয়েছিলাম খোজ খবর নেওয়ার জন্য। ফেব্রুয়ারতে আমরা মাঠ পাবো কিনা। তখন সেখান থেকে জানানো হয়েছিল ডিসেম্বরেই আমরা মাঠ পাবো। তবে ফ্লাড লাইট ছাড়া। ফ্লাড লাইট ছাড়া সাফের ম্যাচ খেলা যাবে না। কারণ সাফের প্রতিদিন দুটি ম্যাচ। প্রতিদিন দুটি ম্যাচ খেলতে ফ্লাড লাইট লাগবেই। আমি এখন জানি না ফেব্রুয়ারিতে ফ্লাড লাইট হবে কি না। হলে সেখানেই আমরা খেলবো। অন্যথায় সাফ সিদ্ধান্ত নিবে। আমি যতটুকু জানি জাতীয় ক্রীড়া পরিষদ এই বিষয়ে খুবই আন্তরিক। তারা চেষ্টা করছে যেন আমরা ঢাকাতেই এটা হোস্ট করতে পারি।’
বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুন না হলে সাফে প্রস্তাব করার জন্য বিকল্প কোনও ভেন্যুর চিন্তা করেছেন কি না? এমন প্রশ্নের উত্তরে কিরণ কলেন, ‘আমি বিকল্প কোনও চিন্তা করলে হবে না। এটা সাফ সিদ্ধান্ত নেবে। বঙ্গবন্ধু না হলে অন্য কোনও ভেন্যু কিংবা এখানে সাফ আয়োজন করা হবে কিনা এটা সাফ সিদ্ধান্ত নেবে যেহেতু এটা বাফুফের কোনও টুর্নামেন্ট না।’