আইপিএল নিলাম
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ১৯:২১ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪ ১৯:৩২ পিএম
বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান ও লেগ স্পিনার রিশাদ হোসেনকে কিনতে আগ্রহ দেখায়নি আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি। ২০২৫ আইপিএলের মেগা নিলামে মোস্তাফিজের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। রিশাদের ভিত্তি মূল্য ছিল ৭৫ লাখ টাকা।
সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস—২০১৬ সালে আইপিএলে অভিষেকের পর থেকে সবশেষ আসর পর্যন্ত পাঁচটি ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিয়েছিল। কিন্তু এবারের নিলামে তার নাম তোলা হলেও কোনো ফ্র্যাঞ্চাইজি সাড়া দেয়নি।
২০১৬ অভিষেক আসরে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল মুস্তাফিজের। মাত্র ৬.৯০ ইকোনমি রেটে নিয়েছিলেন ১৭ উইকেট। পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি, যা আইপিএল ইতিহাসে একমাত্র অ-ভারতীয় হিসেবে এই পুরস্কার জয়ের কীর্তি।
মোস্তাফিজের মতো রিশাদও আলোচনায় ছিলেন। বিশেষ করে লেগ স্পিনারদের প্রতি আইপিএলের দলগুলোর বিশেষ চাহিদা থাকে। সে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নেওয়া এই স্পিনার দল পেতে পারেন এমন কথা বলাবালি হচ্ছিল। যদিও শেষ পর্যন্ত তিনি অবিক্রিত থেকে গেলেন।