প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ১৭:১১ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪ ১৭:১৪ পিএম
আইপিএলের মেগা নিলামের প্রথম দিনে আলোচনার ঊর্ধ্বে ছিলেন ঋষভ পান্ত। ২৭ কোটিতে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটারকে কিনে নেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। প্রথম দিনে যুজবেন্দ্র চাহাল-শ্রেয়াস আইয়ারও হয়ে উঠেছিলেন নায়ক। আইয়ার ২৬ কোটি ৭৫ লাখ দাম পান। আর ৩৪ বছর বয়সী লেগ স্পিনার চাহালকে ১৮ কোটি রুপিতে কিনে নেয় পাঞ্জাব কিংস।
আইপিএলে অন্যতম সফল হওয়াতে নিলামে চাহালকে নিয়ে আগ্রহ অনেক থাকারই কথা। চাহাল নিজেও সম্ভাব্য একটি অঙ্ক মাথায় সাজিয়ে রেখেছিলেন। অথচ তিনি ধারণার চেয়েও বেশি দাম পেয়েছে। এত যারপরনাই খুশি তিনি।
চাহাল বলেন, ‘বেশ নার্ভাস ও উদ্বিগ্ন ছিলাম। এবার যে পরিমাণে পেলাম (অর্থ), গত তিন মৌসুম মিলিয়ে তা পেয়েছি। এত উচ্চমূল্য পাওয়ার কথা ভাবিনি। আমার ভাবনায় ছিল ১২-১৩ কোটি রুপি। তবে যেটা পেয়েছি, তা আমার প্রাপ্য।’
তিনি আরও বলেন, ‘যে দলেই যাই না কেন, শেখার ও নিজেকে সমৃদ্ধ করার সুযোগ সবসময়ই আছে। আমি নিশ্চিত করব যেন এই মৌসুমে আরও বেশি পরিশ্রম করতে পারি ও সেরাটা দিতে পারি মাঠে।’
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২০১৩ সালে আইপিএলে খেলা শুরু করা লেগ স্পিনার পরের আট মৌসুমে ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। সবশেষ তিন মৌসুমে তিনি ছিলেন রাজস্থান রয়্যালসে।