× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোর্ডার-গাভাস্কার ট্রফি

পার্থে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিল ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ১৫:৪৪ পিএম

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪ ১৫:৪৭ পিএম

পার্থে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিল ভারত

মঞ্চটা আগের দিনই তৈরি করে রেখেছিল ভারত। জসপ্রিত বুমরাহ-মোহাম্মদ সিরাজদের সামলে অস্ট্রেলিয়া কতদূর যেতে পারে সেটিই ছিল দেখার। চতুর্থ দিনে তাদের দুর্দান্ত বোলিং নৈপুণ্যের সামনে ট্রাভিস হেড ছাড়া কেউই দাঁড়াতে পারলেন না। দ্বিতীয় ইনিংসে চমৎকার ব্যাটিংয়ের পর বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে দাপুটে জয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফির লড়াই শুরু করল সফরকারীরা।

পার্থে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ২৯৫ রানের বিশাল জয় তুলে নিয়েছে ভারত। প্রথম ইনিংসে ভারতের ১৫০ রানের জবাবে মাত্র ১০৪ রানে গুটিয়ে গিয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। ৪৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৪৮৭ রান তুলে ডিক্লেয়ার করে সফরকারীরা। এরপর ৫৩৪ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় ২৩৮ রানে গুটিয়ে গেছে প্যাট কামিন্সের দল। 

এশিয়ার বাইরে ভারতের এটি দ্বিতীয় সবচেয়ে বেশি রানের জয়। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বোচ্চ ৩১৮ রানে জিতেছিল তারা। আর অস্ট্রেলিয়ার বিপক্ষেও রানের হিসেবে এটি ভারতের দ্বিতীয় বড় জয়। ২০০৮ সালে মোহালিতে ৩২০ রানের জয় এখনও তাদের সেরা। অথচ অস্ট্রেলিয়া সফরের আগে ঘরের মাঠে সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছিল ভারত।

অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে খেলেনি কোনো আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ। দলে নেই নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। চোটের কারণে প্রথম ম্যাচে তারা পায়নি শুভমান গিলকেও। সবকিছু মিলিয়ে প্রবল চাপের মুখে দাঁড়িয়ে ছিল তারা। সেই চাপ সামলে জসপ্রিত বুমরাহর দুর্দান্ত বোলিং আর যশমী জয়সোয়াল-বিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে ব্যাকফুটে থাকা দলটি কী দারুণভাবেই না ঘুরে দাঁড়াল!

পার্থে টেস্ট জয়ী দ্বিতীয় এশিয়ান অধিনায়ক এখন বুমরাহ। ২০০৮ সালে ভারতের গ্রেট লেগ স্পিনার অনিল কুম্বলের নেতৃত্বে এই মাঠে টেস্ট জিতেছিল ভারত। এবারের জয়ে মূল কৃতিত্বটা দিতে হবে ভারপ্রাপ্ত এই অধিনায়ককেই। প্রথম দিন থেকে তার দুর্দান্ত বোলিং গড়ে দিয়েছে সবচেয়ে বড় ব্যবধান। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয়ভাগে নেন আরও ৩টি। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তারই হাতে।

অবদান কম নয় বাকিদেরও। দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট নিয়েছেন আরেক পেসার মোহাম্মদ সিরাজ। দুটি প্রাপ্তি স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দারের। একটি করে শিকার ধরেন হার্শিত রানা ও নিতিশ কুমার রেড্ডি।

দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করে ব্যাট হাতে জয়ের ভিতটা গড়ে দেন তরুণ ওপেনার ইয়াশাসভি জয়সওয়াল। আর খরা কাটানো সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে বিশাল লক্ষ্য ছুঁড়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভারতীয় ব্যাটিং গ্রেট ভিরাট কোহলি।

বিশাল লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়ার হয়ে যা একটু লড়াই করতে পেরেছেন হেড। ৮ চারে ১০১ বলে ৮৯ রান করেছেন বাঁহাতি ব্যাটসম্যান। পুরো ম্যাচে এটিই স্বাগতিকদের একমাত্র ফিফটি। ২ ছক্কা ও ৩ চারে ৪৭ রান আসে মিচেল মার্শের ব্যাট থেকে।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ১৫০
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১০৪
ভারত ২য় ইনিংস: ৪৮৭/৬ ডিক্লে.
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ৫৩৪) ৫৮.৪ ওভারে ২৩৮ (উসমান ৪, স্মিথ ১৭, হেড ৮৯, মার্শ ৪৭, ক্যারি ৩৬, স্টার্ক ১২, লায়ন ০, হ্যাজেলউড ৪*; বুমরাহ ১২-১-৪২-৩, সিরাজ ১৪-২-৫১-৩, হার্শিত ১৩.৪-১-৬৯-১, ওয়াশিংটন ১৫-০-৪৮-২, নিতিশ ৪-০-২১-১)
ফল: ভারত ২৯৫ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: জসপ্রিত বুমরাহ
সিরিজ: ৫ টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে ভারত।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা