× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লেগানেসকে হারিয়ে বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ১২:৩৩ পিএম

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪ ১৪:৫৮ পিএম

লেগানেসকে হারিয়ে বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল

উড়তে থাকা বার্সেলোনা সর্বশেষ টানা দুই ম্যাচে পয়েন্টবিহীন। টেবিলে ব্যবধান আকাশচুম্বী করার আগেই অবশ্য তাদের সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও তারা এখনও চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে এক ম্যাচ কম খেলেছে। রবিবার লেগানেসের বিপক্ষে কিলিয়ান এমবাপে-আর্দে গুলার ও ফেদে ভালভার্দেদের গোলে ৩-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল।

লা লিগার ম্যাচটিতে প্রতিপক্ষের মাঠে তুলনামূলক ভিন্ন রক্ষণভাগ নিয়ে নামে রিয়াল। অভিজ্ঞ ডিফেন্ডারদের চোট আনচেলত্তিকে হয়তো সেটাই করতে বাধ্য করেছে। ফলে অধিনায়কের আর্মব্যান্ড পরা ভালভার্দেকে দেখা যায় রক্ষণ সামলাতে। অন্যদিকে আক্রমণভাগে ভিনিসিয়ুস ও এমবাপেরা ম্যাচজুড়ে প্রতিপক্ষের ওপর দাপট দেখিয়েছেন।

খেলায় লস ব্লাঙ্কোসরা লিড নিতে সময় নেয় ৪৩ মিনিট। এর আগে অফসাইড ও প্রতিপক্ষ গোলবারে তারা বারবার পরাস্ত হয়েছে। পঞ্চম মিনিটে গোলের লক্ষ্যে প্রথম শটটি নেন এমবাপে। তার সেই প্রচেষ্টা অনায়াসে ঠেকান গোলরক্ষক। মিনিট ছয়েক পরই তিনি গোল করে উদ্‌যাপন শুরু করতেই সেটি কাটা পড়ে অফসাইডে। এরপর গোলবারে গিয়ে দুই দলই একাধিকবার ব্যর্থ হয়। ফলে রিয়াল কাঙ্ক্ষিত গোল পায় বিরতিতে যাওয়ার আগমুহূর্তে।

৪৩ মিনিটে লেগানেস রক্ষণের অসতর্কতায় ভিনিসিয়ুসের পা ধরে ফাঁকা জালে বল পাঠান এমবাপে। এ নিয়ে রিয়ালের জার্সিতে লা লিগায় সপ্তম গোল করলেন ফরাসি অধিনায়ক। এ ছাড়া গত চার ম্যাচের গোল-খরাও কাটালেন এমবাপে। তার গোলে অ্যাসিস্ট করা ভিনিসিয়ুস গোল না পেলেও পুরো ম্যাচে ছন্দময় পারফরম্যান্সই করেছেন।

ভিনি-এমবাপেদের আক্রমণের ধার আরও বাড়ে দ্বিতীয়ার্ধে। তারই ধারাবাহিকতায় ৬৬তম মিনিটে দারুণ এক ফ্রি-কিকে লিড দ্বিগুণ করেন ভালভের্দে। ভিনিসিয়ুসও গোল পেতে পেতে পাননি লেগানেস গোলরক্ষকের দক্ষতায়। ৮৫তম মিনিটে দলের বড় জয় নিশ্চিত করেন জ্যুড বেলিংহ্যাম। যদিও সেই গোলটি হতে পারত ব্রাহিম দিয়াজের। লুকা মদ্রিচের কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় এ মরোক্কান তারকা জোরালো শট নেন। সেটি প্রতিপক্ষের একজনের পায়ে লেগে ক্রসবারে লেগে ফিরে আসে, বেলিংহ্যাম ফিরতি বল হেডে ফাঁকা জালে পাঠান।

চলতি মৌসুমে গোল-খরায় ভুগছিলেন এ ইংলিশ মিডফিল্ডার। এরপর প্রথম গোল পেলেন গত ম্যাচে ওসাসুনার বিপক্ষে, এর পরের ম্যাচেই আরেকটি গোল করলেন বেলিংহ্যাম। ৩-০ গোলের জয়ে লিগ টেবিলের ২-এ থাকা রিয়ালের পয়েন্ট দাঁড়াল ৩০। এক ম্যাচ বেশি খেলে বার্সেলোনা ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ নেমে গেল ৩-এ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা