প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ১২:২৭ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪ ১৭:০১ পিএম
ঋষভ পান্তকে কি একটু বেশি দামেই কিনে ফেলেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস? তাকে কিনে কি বিপাকে মালিক সঞ্জীব গোয়েন্কা? ২৭ কোটি টাকায় ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটারকে কিনেছে লক্ষ্ণৌ। কেনার পর অবশ্য আফসোস দলের মালিকপক্ষের। পান্তকে বেশি টাকা দেওয়া হয়েছে বলে মনে করছেন তারা।
পান্তকে ‘রাইট টু ম্যাচ কার্ড’ ব্যবহার করে ধরে রাখতে চেয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু গোয়েন্কা এমন একটি দর হাঁকান যা দেওয়া সম্ভব ছিল না দিল্লির পক্ষে। ফলে পান্ত যান লক্ষ্ণৌয়ে। তার জন্য আগে থেকেই ঝাঁপানোর পরিকল্পনা ছিল তাদের। কিন্তু এত টাকা দিতে হবে ভাবেননি। গোয়েন্কা বলেন, ‘আমাদের পরিকল্পনায় পান্ত ছিল। আমরা ওর জন্য প্রায় ২৬ কোটি টাকা ধরে রেখেছিলাম। কিন্তু একটু বেশি টাকা দিয়ে ফেলেছি। তবে ওর মতো ক্রিকেটার পেয়ে আমরা খুশি।’
পান্তকে পেয়ে তাদের দলের শক্তি বাড়ল বলেই মনে করেন গোয়েন্কা। তিনি বলেন, ‘পান্ত দুর্দান্ত ক্রিকেটার। একা ম্যাচ জেতাতে পারে। ও দলের জন্য খেলে। এখন থেকে ও লক্ষ্ণৌয়ের সদস্য।’
দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন পান্ত। লক্ষ্ণৌ দলের অধিনায়ক কি তাকেই করা হবে? সে বিষয়ে এখনও কিছু জানাননি গোয়েন্কা।
পান্তকে নেওয়ার জন্য শুরু থেকেই ঝাঁপিয়েছিল লক্ষ্ণৌ। তাদের সঙ্গে লড়াইয়ে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু পান্তের দাম ১০ কোটি ছাড়াতেই পিছিয়ে যায় আরসিবি। এরপর লক্ষ্ণৌয়ের সঙ্গে দর হাঁকতে শুরু করে সানরাইজার্স হায়দরাবাদ। ২০ কোটি ৭৫ লাখ টাকা দাম ওঠার পর ছেড়ে দেয় তারা। পান্তকে আরটিএম কার্ডের মাধ্যমে নেওয়ার চেষ্টা করেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু হায়দরাবাদ ২৭ কোটি টাকা দিতে চায়। তারপর আর এগোয়নি দিল্লি। পান্তকে ২৭ কোটি টাকায় কিনে বোধহয় একটু হলেও আফসোস করছেন গোয়েন্কা।