প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ১২:০৬ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪ ১২:৫০ পিএম
রিশাদের বিগ ব্যাশ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সুখবর মিলেছে। সংগৃহীত ছবি
সাকিব আল হাসানের পর মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে ডাক পান রিশাদ হোসেন। তবে দলে ডাক পাওয়ার পর থেকেই শঙ্কা ছিল রিশাদের খেলা নিয়ে। কেননা জাতীয় দলের ঠাসা ব্যস্ত সূচি এবং পরবর্তীতে বিপিএল আসর। যে কারণে রিশাদের বিগ ব্যাশ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সুখবর মিলেছে। ২১ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত হোবার্টে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র পেয়েছেন এ লেগ স্পিন অলরাউন্ডার।
দেশের একটি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলে রিশাদের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘রিশাদকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ২৯ ডিসেম্বর সে বরিশাল দলে যোগ দেবে। আশা করি ভালো একটা অভিজ্ঞতা নিয়ে ফিরবে সে।’
কুড়ি কুড়ির এ ফরম্যাটের টুর্নামেন্ট চলবে ১৫ ডিসেম্বর থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ শুরুর দিকে দুটি ম্যাচ (২১ ও ২৭ ডিসেম্বর) খেলার সুযোগ থাকছে রিশাদের সামনে।
বিগ ব্যাশ দলে রিশাদ সতীর্থ হিসেবে পাবেন বিশ্বব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেটের খুব চেনা কিছু মুখকে। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতা তারকা ম্যাথু ওয়েড আর টিম ডেভিড দুজনই আছেন এ দলে। আছেন অজি জাতীয় দলের নিয়মিত মুখ ন্যাথান এলিস ও বেন ম্যাকডারমট।
এই দলের কোচ হিসেবে রিশাদ পাবেন জেফ ভনকে। অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের দলটির হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন তাসমানিয়ার সবচেয়ে বিখ্যাত ক্রিকেটার রিকি পন্টিং। স্বাভাবিকভাবেই ক্যারিয়ারের শুরুতেই বেশ ভালো একটা পরিবেশ পাচ্ছেন রিশাদ।
হোবার্ট হারিকেন্স স্কোয়াড
চুক্তিবদ্ধ খেলোয়াড় : ইয়ান চার্লিসলে, নিখিল চৌধুরী, টিম ডেভিড, প্যাডি ডুলি, ন্যাথান এলিস, পিটার হাজুগ্লু, শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), রিশাদ হোসেন (বাংলাদেশ), ক্যালেব জুয়েল, ক্রিস জর্ডান (ইংল্যান্ড), বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, ম্যাথু ওয়েড, চার্লি ওয়াকিম, ম্যাক রাইট।
হেড অব স্ট্র্যাটেজি : রিকি পন্টিং
কোচ : জেফ ভন