অ্যান্টিগা টেস্ট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ০৯:৫২ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪ ১০:৪৮ এএম
মুমিনুল হক
দলের প্রয়োজনের সময় ব্যাটিং লাইন আপের হাল ধরেন মুমিনুল হক। সাবধানি ব্যাটিংয়ে আদায় করেন ফিফটি। ক্রিজে তার সঙ্গী হন লিটন দাস। মুমিনুল (৫০) হাফসেঞ্চুরি পূর্ণ করেই ফেরেন সাজঘরে। তবে লিটন (৪০) বিদায় নেন তার একটু আগে।
শেষ দিকে ব্যাটিং দৃঢ়তা দেখান জাকের আলী। এনে দেন ৫৩ রানের ইনিংস। মেহেদী হাসান মিরাজ ২৩ ও তাইজুল ইসলাম ২৫ রান যোগ করেন দলীয় স্কোরে। তাতে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৬৯। অতিথিরা এখনও ১৮১ রানে পিছিয়ে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি উইকেট নেন আলজারি জোসেফ। জাস্টিন গ্রেভস ও জেডেন সিলস ২টি করে উইকেট পেয়েছেন।
তার আগে ২ উইকেটে ৪৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিনের অপরাজিত ব্যাটার মুমিনুল ব্যক্তিগত ৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে অর্ধশতক হাঁকালেও শাহাদাত হোসেন দিপু সন্তুষ্ট থাকেন ১৮ রান নিয়ে।
ক্যারিবীয়দের একজনের স্কোর ৯৭। অন্যজনের ৯০। দুজনই হন সেঞ্চুরিবঞ্চিত। মিকাইল লুইস ৩ আর অ্যালিক অ্যাথানেজ ১০ রানের জন্য শতক মিস করেন। কিন্তু জাস্টিন গ্রেভসকে আর সেঞ্চুরি থেকে বঞ্চিত রাখতে পারেননি টাইগাররা।
১১৫ রানের চমৎকার এক ইনিংস খেলেছেন গ্রেভস। ২০৬ বলে চার বাউন্ডারিতে হাঁকিয়েছেন হার না মানা এ ইনিংসটি। আর দলীয় স্কোরে ৪৭ রান যোগ করেন কেমার রোচ। তাতে ৯ উইকেট হারিয়ে ৪৫০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।