× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যান্টিগা টেস্ট

পরিশ্রমের ফল পেয়ে বেজায় খুশি গ্রেভস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪ ১৫:৪৭ পিএম

জাস্টিন গ্রেভস

জাস্টিন গ্রেভস

গত জানুয়ারিতে টেস্ট ক্রিকেটে অভিষেকে হয়েছিল জাস্টিন গ্রেভসের। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের অভিষেক সিরিজটা রাঙাতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। অজি সফরের দুই টেস্টের চার ইনিংসে করেন কেবল ৬৮ রান। তাতে ৩০ বর্ষী গ্রেভস জাতীয় দল থেকে বাদই পড়ে গিয়েছিলেন। 

ঘরোয়া একদিনের টুর্নামেন্টে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করে আবারও টেস্ট দলে ডাক পান গ্রেভস। আর অ্যান্টিগায় বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই মিডল অর্ডার এই ব্যাটার দেখান ফর্মের মূল্য। ফেরার টেস্টে প্রায় সোয়া ছয় ঘণ্টা ক্রিজে কাটিয়ে উপহার দিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি।  

ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পাওয়া গ্রেভস শেষ পর্যন্ত ১১৫ রানে অপরাজিত থাকেন ২০৬ বল খেলে। তার দুর্দান্ত ইনিংসে ভর করে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে আছে স্বাগতিকরা। দিনের শেষে গ্রেভস বললেন, অনেক দিনের অনেক পরিশ্রমের ফল পেয়ে এই সেঞ্চুরি তার কাছে বিশেষ কিছু।

শনিবার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে হাজির হন গ্রেভস৷ এসময় জাতীয় দলে নিজের অভিষেক নিয়ে তিনি বলেন, ‘খুবই খুবই স্পেশাল মুহূর্ত। খুব আবেগময়ও… সম্ভবত কিছুটা চোখের পানিও ঝরেছে। সব মিলিয়ে খুবই খুশি যে, দলকে ভালো একটা জায়গায় নিতে পেরেছি।’

দলে প্রত্যাবর্তনে নিজের কঠোর পরিশ্রমের কথাও জানিয়েছেন গ্রেভস, ‘অনেক কষ্ট করতে হয়েছে… আড়ালে অনেক ঘাম ঝরাতে হয়েছে। অনেকটা পথ পেরিয়ে এই জায়গা এসেছি। মানসিকভাবেও অনেক কাজ করতে হয়েছে। সবকিছুই আমাকে এখানে নিয়ে এসেছে।’

দ্বিতীয় দিন সকালে হাসানের জোড়া ছোবলের পর ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৭ উইকেটে ২৬১। সেখান থেকেই দলকে চারশ পার করায় গ্রেভস ও কেমার রোচের জুটি। ১৪০ রানের জুটি গড়েন তারা, অষ্টম উইকেটে যা বাংলাদেশের বিপক্ষে যে কোনো দলের রেকর্ড। ২৫২ মিনিট ক্রিজে থেকে ক্যারিয়ার সেরা ৪৭ রানের ইনিংস খেলেন রোচ।

গ্রেভস জানালেন, ৮২ টেস্ট খেলা রোচ বোলার হলেও উইকেটে তাকে দারুণভাবে পরামর্শ দিয়ে সহায়তা করেছেন। তিনি বলেন, ‘কেমার রোচের মতো সিনিয়র একজন ক্রিকেটারকে সঙ্গী হিসেবে পাওয়া দারুণ ছিল। তিনি ক্রমাগত বলছিলেন যে, ইতিবাচক তাড়না ধরে রাখতে এবং নিজেকে কিছুটা সময় দিতে। ওদেরকে যতটা সম্ভব ক্লান্ত করে তুলতে এবং বোলারদেরকে চতুর্থ-পঞ্চম স্পেলে আসতে বাধ্য করতে। একটা একটা প্রান্তে ধীরস্থির রয়ে গেছে আর আমি নিজের খেলাটা খেলে গেছি।’

ওয়েস্ট ইন্ডিজ ৪৫০ রানে ইনিংস ঘোষণার পর ২০ ওভার খেলে ২ উইকেটে ৪০ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। অ্যান্টিগায় এবার উইকেট আগের মতো পেস-সহায়ক নয়। দ্বিতীয় দিনে তো কিছুটা মন্থরও হয়ে এসেছে উইকেট। বোলারদের কাজটা এখানে কঠিন। ওয়েস্ট ইন্ডিজ একাদশ সাজিয়েছে চার পেসার নিয়ে। গ্রেভস বললেন, তৃতীয় দিনে বোলারদের ধৈর্য ধরে নিজেদের কাজটা করে যেতে হবে।

তিনি আরও যোগ করেন, ‘শক্ত অবস্থানেই আছি আমরা। অবশ্যই আজকে আরও দুটি উইকেট নিতে পারলে ভালো লাগত। তবে খুব বেশি পাওয়ার আশা করা উচিত নয়। কালকে আমাদেরকে অনেক শৃঙ্খলা ধরে রাখতে হবে। পিচ অনেকটাই সহজ হয়ে এসেছে। তবে লম্বা সময় ধরে ধারাবাহিক হতে পারলে আমরা ভালো জায়গায় থাকতে পারব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা