অ্যান্টিগা টেস্ট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪ ০২:৫৭ এএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪ ১৩:০১ পিএম
একজনের স্কোর ৯৭। অন্যজনের ৯০। দুজনেই হন সেঞ্চুরি বঞ্চিত। মিকাইল লুইস ৩ আর অ্যালিক অ্যাথানেজ ১০ রানের জন্য শতক মিস করেন। কিন্তু জাস্টিন গ্রেভসকে আর সেঞ্চুরি থেকে বঞ্চিত রাখতে পারেননি টাইগাররা।
১১৫ রানের চমৎকার এক ইনিংস খেলেছেন গ্রেভস। ২০৬ বলে চার বাউন্ডারিতে হাঁকিয়েছেন হার না মানা এই ইনিংসটি। আর দলীয় স্কোরে ৪৭ রান যোগ করেন কেমার রোচ। তাতে ৯ উইকেট হারিয়ে ৪৫০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। তাসকিন আহমেদের সমান দুই উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।
শনিবার দ্বিতীয় দিনে দারুণ শুরু এনে দেন হাসান মাহমুদ। দুজনেই শুরুর ঝলকে নেন দুটি করে উইকেট। দিনের প্রথম ওভারেই ওয়েস্ট ইন্ডিজের বিশেষজ্ঞ ব্যাটারদের শেষ পার্টনারশিপে সমাপ্তি ঘটান তরুণ এ পেসার। ভেতরে ঢোকা ডেলিভারি খেলার ব্যর্থ চেষ্টা করেন জশুয়া ডি সিলভা। ব্যাটটা চালাতে পারেননি ঠিকঠাক।
লাল-সবুজের শিবিরের এলবিডব্লিউ আবেদনে সাড়া দেন মাঠের আম্পায়ার। বল ট্র্যাকিংয়ে দেখা যায় বল আঘাত করত অফ স্টাম্পের ওপরে। আম্পায়ার্স কলে কিপার ব্যাটার বিদায় নিলেও বেঁচে যায় স্বাগতিকদের রিভিউ। ডি সিলভা দুই চারে ২৩ বলে করেন ১৪ রান।
আলজারি জোসেফ প্রথম বলে ফ্লিক করে বাউন্ডারি হাঁকান। পরের বলেই তাকে শিকারে পরিণত করে মধুর প্রতিশোধ নেন হাসান মাহমুদ। গালিতে দারুণ ক্যাচ নিয়ে সবার নজর কাড়েন জাকির হাসান। অফ স্টাম্প ঘেঁষা হাসানের গুড লেংথ ডেলিভারি ভেতরে ঢোকার মুখে লেগে খেলার চেষ্টা করেন জোসেফ।
একটু আগেভাগে শট খেলার মাসুল দেন ক্যাচ দিয়ে। ব্যাটের কানায় লেগে গালি দিয়ে তীব্র গতিতে বেরিয়ে যাওয়া বল লাফিয়ে মুঠোয় নেন জাকির। ৩ বলে এক চারে ৪ রান করেন জোসেফ। তার আগে ৫ উইকেটে ২৫০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। মধ্যাহ্নভোজ বিরতির আগেই ৭ উইকেট হারিয়ে ৩৩৬ সংগ্রহ করে ফেলে ক্যারিবীয়রা। অথচ ক্যারিবীয়দের অল্পতে গুটিয়ে দেওয়ার সুযোগ ছিল টাইগারদের সামনে।