রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ২১:০৮ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪ ২১:১৫ পিএম
রাঙামাটিতে সাফজয়ী বাংলাদেশ নারী দলের তিন ফুটবলার ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও গোলকিপার রুপনা চাকমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় শহরের চিংহ্লামারী স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনায় সহযোগিতা করে জেলা পরিষদ, রাঙামাটি সেনা রিজিয়ন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা পুলিশ।
তিন কৃতী ফুটবলার ছাড়াও ফুটবল প্রশিক্ষক ও ফিফা রেফারি জয়া চাকমা, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান, মঘাছড়ি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরসেন চাকমা, ঘাগড়া উচ্চ বিদ্যালয় বালিকা ফুটবল দলের কোচ শান্তিমনি চাকমা, বর্মাছড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধারশ মনি চাকমা, চেলাছড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী মোহন চাকমা ও ফুটবল কোচ সুইহ্লামং মার্মাকে সংবর্ধনা দেওয়া হয়।
সকালে কাউখালী উপজেলার ঘাগড়া উচ্চবিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রায় ও খোলা ট্রাকে করে তিন ফুটবলারকে স্টেডিয়ামে নিয়ে আসা হয়। সেখানে তাদের বরণ করে প্রত্যককে এক লাখ টাকার চেক হস্তান্তর করে জেলা প্রশাসন। পরে প্রত্যেককে রাঙামাটি সেনা রিজিয়নের পক্ষ থেকে ১ লাখ, জেলা পরিষদ থেকে ১ লাখ ও রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়। এ ছাড়া জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন মোহাম্মদ মোশারফ হোসেন খান। তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। জেলা বিএনপি, জামায়াতে ইসলামী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বড়ুয়া কল্যাণ সংস্থাসহ অন্যান্য সংস্থা থেকেও তাদের সম্মাননা স্মারক দেওয়া হয়। পরে ছিল সাংস্কৃতিক আয়োজন।
সংবর্ধনা শেষে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ঋতুপর্ণা চাকমা বলেন, এই বিজয় একসঙ্গে উদযাপন করতে পারতেছিÑ এটা আমাদের জন্য বড় পাওয়া। আমরা তিনজনে সত্যিই আনন্দিত ও গর্বিত। সবাই আমাদের এভাবে ভালোবেসে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন, যাতে আরও বড় বড় বিজয় উপহার দিতে পারি।
মনিকা চাকমা বলেন, ভালো কোনো অর্জন দেশবাসীকে উপহার দিতে পারলে ভালো লাগে। আমরাও দেশবাসীর অনেক সাপোর্ট ও ভালোবাসা পাই। আমরা সব সময় চেষ্টা করি দেশের জন্য ভালো কিছু বয়ে আনার। আপনারা সকলে আমাদের আশীর্বাদ করে পাশে থাকবেন। সকলে পাশে থাকলে আমরা সব সময় সফল হব।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, কৃতী তিন ফুটবলারকে সংবর্ধনা দিতে পেরে আমরা আনন্দিত। তারা রাঙামাটির গর্ব ও অহংকার। তাদের অসুবিধার বিষয়গুলো জেনেছি। আমরা চেষ্টা করব সেগুলোর সমাধান করার।
রাঙামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শওকত ওসমান, পুলিশ সুপার এসএম ফরহাদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, সিভিল সার্জন নূয়েন খীসা, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় বরুন বিকাশ দেওয়ান, সাবেক জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন।
গত ৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাইনাল ম্যাচে দেশের হয়ে আলো ছড়ান পাহাড়ের বীর কন্যারা। নেপালের গোলবারে যে দুটি বল গিয়েছে; তার দুটোই দিয়েছেন পাহাড়ের মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। সেরা খেলোয়াড়ও হয়েছেন ঋতুপর্ণা চাকমা। আর টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন রূপনা চাকমা।