প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ১১:১৭ এএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪ ১১:২৬ এএম
উয়েফা নেশনস লিগের লিগ ‘এ’-এর চার গ্রুপ থেকে গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে পর্তুগাল, ফ্রান্স, জার্মানি ও স্পেন। ওই চার গ্রুপ থেকে রানার্সআপ হয়ে শেষ আটে পা রাখে ক্রোয়েশিয়া, ইতালি, নেদারল্যান্ডস ও ডেনমার্ক।
আট দলের আগামী ২০ মার্চ উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ, ২৩ মার্চ হবে দ্বিতীয় লেগ। গতকাল শুক্রবার সুইজারল্যান্ডের জুরিখে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে।
কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বর্তমান ইউরো ও নেশনস লিগ চ্যাম্পিয়ন স্পেন। দ্বিতীয় কোয়ার্টারে খেলবে ক্রোয়েশিয়া ও ফ্রান্স। কোয়ার্টারের তৃতীয় ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল। আর ইতালির বিপক্ষে খেলবে জার্মানি।
কোয়ার্টারে ইতালি ও জার্মানি ম্যাচে জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে খেলবে ডেনমার্ক-পর্তুগাল ম্যাচের জয়ী দল। আর নেদারল্যান্ডস-স্পেনের মধ্য থেকে সেমিফাইনাল নিশ্চিত করা দলের শেষ চারের প্রতিপক্ষ হবে ক্রোয়েশিয়া-ফ্রান্স ম্যাচের জয়ী দল।
নেশনস লিগ মাঠে গড়ানোর শুরু থেকে প্রতি আসরেই ফরম্যাট বদলাচ্ছে। চতুর্থ আসরে এসে এবারই প্রথম যোগ হয়েছে কোয়ার্টার ফাইনাল পর্ব। এর আগে ‘এ’ লিগে গ্রুপের কেবল শীর্ষ দল উঠত নকআউট পর্বে, সরাসরি সেমিফাইনালে। হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে দুই লেগের কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনাল হবে এক লেগের। শেষ চারের দুই ম্যাচ এবং ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী হবে জুনে।
২০১৯ সালের চ্যাম্পিয়ন পর্তুগাল দলে এখনও উজ্জ্বল ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ৫ গোল করে ৩৯ বছর বয়সি তারকা ‘এ’ লিগের গোলদাতার তালিকায় আছেন শীর্ষে। সব লিগ মিলিয়ে আসরে এখন পর্যন্ত তার চেয়ে বেশি গোল করেছেন কেবল সুইডেনের ভিক্তর ইয়োকেরেশ (৯ গোল, ‘সি’ লিগে), নরওয়ের আর্লিং হলান্ড (৭ গোল, ‘বি’ লিগে) ও রোমানিয়ার রাজভান মারিন (৬ গোল, ‘সি’ লিগে)।