অ্যান্টিগা টেস্ট
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪ ২১:৫২ পিএম
পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজে জয়ে নতুন দিগন্তের সূচনা করেছিল বাংলাদেশ। কিন্তু পরের দুই টেস্ট সিরিজের চার ম্যাচে নাকানিচুবানি খেয়েছে টাইগাররা। ভারতের মাটিতে ভরাডুবির পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও নাকাল লাল-সবুজের জার্সিধারীরা। এবার ওয়েস্ট ইন্ডিজে মেহেদী হাসান মিরাজদের ছন্দে ফেরার লড়াই।
শুক্রবার (২২ নভেম্বর) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে অধিনায়ক আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অধিনায়ক মিরাজের সিদ্ধান্ত যে ভুল ছিল না, সেটা পেসাররা প্রমাণ করেন। শুরু থেকে টাইট বোলিংয়ে ক্যারিবীয়দের চাপে রাখলেও সাফল্য এলো ম্যাচের চতুর্দশ ওভারে।
স্বাগতিক অধিনায়ক ক্রেইগ ব্রাফেটকে এলবিডব্লু’র ফাঁদে ফেলে বাংলাদেশকে প্রথম সাফল্য দিলেন তাসকিন আহমেদ। আউট হয়ে ফেরার আগে খেলেছেন ৩৮ বলে ৪ রানের ইনিংস। তাসকিনের কিছুটা লাফিয়ে ওঠা অফ-স্টাম্পের বলে ব্যাট চালিয়ে স্পর্শ পাননি ব্রাফেট। ছোট ফাঁকা জায়গা খুঁজে নিয়ে বল আঘাত হানে তার পায়ে। রিভিউ নিয়েও সফল হননি ব্রাফেট।
দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় ক্যারিবীয়রা। পরের ওভারে আক্রমণে এসে আবারও সফল তাসকিন। ওয়ানডাউনে নামা কেসি কার্টি তার বলে ফ্লিক করতে গিয়ে মিড অনে ক্যাচ দিয়েছেন তাইজুল ইসলামের হাতে। ৮ বল খেলে ফিরলেন ০ রানে। আর কোনো রান যোগ না হতেই স্বাগতিকদের দ্বিতীয় উইকেটের পতন হলো।
এর আগে শুরুটা হয় হাসান মাহমুদের একের পর এক সুইংয়ে। তার সঙ্গে তাল মিলিয়ে দারুণ বল করেছেন শরিফুল ইসলামও। ফলে শুরুতে ব্রাফেট–লুইসকে নতুন বলের চ্যালেঞ্জ ভালোভাবেই সামাল দিতে হয়েছে। তবে ভালো বোলিং করলেও প্রথম ১০ ওভারে বাংলাদেশ কোনো উইকেট নিতে পারেনি। তাসকিন উইকেট নিলেন ১৪তম ওভারে।
বাংলাদেশ একাদশে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে নেমেছে। ইনজুরির কারণে টেস্ট সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। শান্তর জায়গায় একাদশে আছেন শাহাদাত হোসেন দীপু।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদত হোসেন দিপু, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, কেমার রোচ ও জেইডেন সিলস।