প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪ ২১:৩৪ পিএম
আগ্রাসী ব্যাটিংয়ের জন্য ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগকে এক নামে চিনতেন সবাই। খুনে ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলারদের নাজেহাল করে ছাড়তেন তিনি। টেস্টে আশির ওপরে স্ট্রাইকরেটই যার প্রমাণ। এর মধ্যে ৬টি ডাবল সেঞ্চুরি ও ২টি ত্রিপল সেঞ্চুরিও আছে তার। বাবার মতো আগ্রাসী ব্যাটিং করেন শেবাগের বড় ছেলে আর্যবীর শেবাগও।
ভারতের অনূর্ধ্ব-১৯ পর্যায়ের চার দিনের
টুর্নামেন্ট কুচবিহার ট্রফিতে দিল্লি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মেঘালয়ার বিপক্ষে ২৯৭ রান
করেছেন আর্যবীর। দিল্লির এই তরুণ ৩০৯ বলের ইনিংসে ছক্কা ছিল ৩টি, চার ৫১টি। স্ট্রাইক
রেট ৯৬.১২। ইনিংসে বাউন্ডারির পরিমাণ ৭৪.৭৫%। প্রান্ত অদল-বদলেও পরিপক্বতার পরিচয়
দিয়েছে ১৭ বছর বয়সী আর্যবীর।
২০১৫ সালে ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান
এক্সপ্রেস’কে দেওয়া সাক্ষাৎকারে একটি তথ্য জানিয়েছিলেন টেস্টে ১৮০ ইনিংসে ৪৯.৩৪ গড়ে
৮২.২৩ স্ট্রাইক রেটে ৮৫৮৬ রান করা শেবাগ। ভারতের সাবেক এই ওপেনার তার সন্তানদের বলেছেন,
‘স্কুলের ক্রিকেটেও যদি আমার ৩১৯ রান পেরোতে পারো, তাহলে ফেরারি উপহার দিব।’
কিন্তু ২৩ রানের দূরত্বে থেকে আউট হওয়ায় সেটি হলো না। রসিকতাপ্রিয় শেবাগ তার সন্তানকে ব্যাপারটি মনে করিয়ে দিয়েই উৎসাহ দিয়েছেন ইনস্টাগ্রাম পোস্টে। তিনি লিখেছেন, ‘ভালো খেলেছ আর্যবীর শেবাগ। ২৩ রানের জন্য ফেরারিটা মিস করলে। কিন্তু ভালো করেছ, ভেতরকার এই আগুনটা ধরে রাখো এবং আরও অনেক বড় সেঞ্চুরি, ডাবল ও ট্রিপল করো। খেলে যাও।’