চ্যালেঞ্জ কাপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪ ১৯:২৩ পিএম
আরও একবার দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্পের সাক্ষী হলো বসুন্ধরা কিংস অ্যারেনা। ঘরের মাঠে বরাবরই অপ্রতিরোধ্য কিংস শিবির। কঠিন প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আরও একবার তার প্রমান রাখলো কোচ ভ্যালেরিউ তিতার শিষ্যরা। আজ ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হলো ‘বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ’ দিয়ে।
গত মৌসুমের দুই সেরা দল বসুন্ধরা কিংস এবং মোহামেডানের লড়াই দিয়ে শুরু হলো ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। সুলেমান দিয়াবাতের গোলে পিছিয়ে পরে বিরতীতে যাওয়া কিংস প্রত্যাবর্তনের গল্প লিখে জয় পেয়েছে ৩-১ গোলে। শিরোপা দিয়েই নতুন মৌসুম শুরু করলো গত মৌসুমের ট্রেবল শিরোপা জয়ীরা।
ঘরোয়া ফুটবলে নতুন সংযোজন চ্যালেঞ্জ কাপ। ইউরোপের ফুটবলের আদলে বাংলাদেশে এমন টুর্নামেন্ট প্রথমবারের মতো যাত্রা শুরু করলো। জুলাই-আগস্ট বিপ্লবে অনেক ছাত্র জনতা শহীদ হয়েছেন। তাদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে বাংলাদেশ ২.০ নামকরণ হয়েছে। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় শহীদ সাঈদ-মুগ্ধর গ্রাফিতি আঁকা হয়েছে।
এদিন স্টেডিয়ামকে সাজানো হয়েছে বিপ্লবের স্মৃতি জড়িয়ে। সেই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে কিংস। এই টুর্নামেন্টের প্রাইজমানি এবং টিকিট বিক্রি হতে প্রাপ্ত অর্থ দেওয়া হবে জুলাই ফাউন্ডেশনে।
আজ ম্যাচের মাত্র ছয় মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। বাঁ-প্রান্ত থেকে এমানুয়েল সানডের ক্রস হেডে জালে জড়ান সুলেমান দিয়াবাতে। কিছুই করার ছিল না বসুন্ধরা কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকোর। কিন্তু তখনও ম্যাচের নাটকীয়তার ঢেড় বাকি।
৩১ মিনিটে প্রথম পরিস্কার সুযোগ তৈরি করেছিল কিংস। মিগেল ফিগেইরো দামাসেনার শট সহজেই রুখে দেন মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন। ৩৪ মিনিটে আরও একবার মিগেলের শট রুখে দেন সাদা-কালো শিবিরের গোলরক্ষক। বক্সের বাইরে থেকে মিগেলের শট রুখে দেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সের ভেতর সতীর্থের ক্রসে হেড করেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। তা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে প্রথমার্ধে আর সমতায় ফেরা হয়নি ভ্যালেরিউ তিতার শিষ্যদের।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে কিংস। আক্রমণের ধার বাড়ানো কিংস শিবির একাধিক গোলের সুযোগ তৈরি করে। শুরুতেই ফ্রান্সের ফুটবলার জারেদ খাসার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তার ক্লাব ক্যারিয়ারে অনেকটা সময় কাটিয়েছেন সুইজারল্যান্ডের লিগে। সবশেষ খেলেছেন ইউক্রেইনের দল কারপাতি লভিভে। বাংলাদেশে এসে সুবিধা করতে পারছেন না। চোট লেগেই আছে। চোট কাটিয়ে দলে ফিরে নিজেকে প্রমান করতে মরিয়া ছিলেন এই ফুটবলার।
৫৮ মিনিটে মিগেলের ক্রস বক্সের ভেতর পেয়ে যান ফয়সাল আহমেদ ফাহিম। তার বাঁ পায়ের শট ফার পোষ্ট ঘেষে বেড়িয়ে যায়। ৬১ মিনিটে ঘটে অনাকাঙ্খিত এক ঘটনা। মাঠের মধ্যে স্মোক ফ্লেয়ার ছুড়ে মারে সমর্থকরা। ফলে খেলা বন্ধ রাখতে হয় প্রায় মিনিট দশেকের মত। ড্রপ বল দিয়ে আবারও খেলা শুরু হয়। চারটা লাল রংয়ের স্মোক ফ্লেয়ার মাঠে ছুড়ে মারেন সমর্থকরা। ফলে মাঠের যে পাশে মোহামেডান খেলছিল সে পাশের অনেকটা যায়গা লাল আভা ছড়িয়ে পরে। একটু সময় নিয়েই খেলা শুরু করতে চায় মোহামেডান। কারণ এই স্মোক ফ্লেয়ার থেকে কিছুটা বারুদের গন্ধ ছড়ায়। এই কারণেই সময় নিয়ে মাঠে নামতে চান কোচ আলফাজের শিষ্যরা। এমন ঘটনা ঘরোয়া ফুটবল এর আগে খুব কমই দেখা গেছে।
খেলার ৭২ মিনিটে কাঙ্খিত গোলের দেখা মেলে বসুন্ধরা কিংসের। মিগেলের কর্নার থেকে আলতো ছোয়ায় দলকে সমতায় ফেরান তপু বর্মন। বক্সের ভেতর একদম আনমার্ক অবস্থায় ছিলেন তপু বর্মন। বসুন্ধরার সেন্টার ব্যাককে বক্সের ভেতর আনমার্ক অবস্থায় রাখার ভুলের মাশুল কড়ায় গন্ডায় দিতে হয়েছে আলফাজের শিষ্যদের। ঘরের মাঠে বুনো উল্লাসে মেতে ওঠে কিংসের সমর্থকরা।
৮১ মিনিটে সমর্থকদের উল্লাস দ্বিগুন করে দেন বসুন্ধরা কিংসের ফয়সাল আহমেদ ফাহিম। বক্সের ডান প্রান্ত থেকে মিগেলের ক্রস প্লেসিং শটে জালে জড়িয়ে দেন ফয়সাল আহমেদ ফাহিম। গত মৌসুমে বসুন্ধরা কিংসের প্রধান প্রতিপক্ষের ভূমিকায় ছিল মোহামেডান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ সব প্রতিযোগিতায়ই বসুন্ধরাকে চ্যালেঞ্জ জানিয়েছিল কোচ আলফাজের শিষ্যরা। সব প্রতিযোগিতায়ই বসুন্ধরার কাছে শিরোপা খুইয়েছিল সাদা কালোরা।
দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষনাত্মক ফুটবল খেলছিল মোহামেডান। তবে বসুন্ধরা এগিয়ে যাওয়ার পর আবারও আক্রমনাত্মক ফুটবলে ফেরে আলফাজের শিষ্যরা। তবে তাতে লাভ হয়নি। উল্টো যোগ করা সময়ের সাত মিনিটে মিগেল দামাসেনোর গোলে ব্যাধান বাড়ায় কিংস। সেই সঙ্গে দলের জয়ও নিশ্চিত করে ফেলেন এই ব্রাজিলিয়ান। বসুন্ধরা কিংস অ্যারেনায় আরও একটি প্রত্যাবর্তনের গল্প লিখল রেকর্ড টানা পাঁচবারের লিগ শিরোপা জয়ীরা।