× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পার্থ টেস্ট

১৭ উইকেটের দিনে রেকর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪ ১৬:৩৬ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৪ ১৬:৪৭ পিএম

১৭ উইকেটের দিনে রেকর্ড

পার্থ টেস্টের প্রথম ইনিংসে ভারতকে ১৫০ রানে আটকে বেজায় খুশি হয়েছিল অস্ট্রেলিয়া। স্বাগতিক সমর্থকেরা ভেবেও বসেছিলেন— দশ বছরের বন্ধ্যত্ব ঘুচলো তবে। অথচ প্যাট কামিন্সদের কীর্তিময় সেই সুখের আভেস ছিল ক্ষণস্থায়ী। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের রান ৭ উইকেটে কেবল ৬৭। সফরকারীদের প্রথম ইনিংসের চেয়ে এখনও ৮৭ রানে পিছিয়ে তারা।

মর্যাদা ও ঐতিহ্যের বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দিনে বোলারদের দাপট লক্ষণীয়। এ দিনে উইকেট পড়েছে ১৭টি। খেলা হয়েছে ৭৬.৪ ওভার। এক হিসেবে ১৯৫২ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ উইকেট পতনের রেকর্ডও এটি। প্রথমে ব্যাটিং করা ভারত দুই সেশনও টিকতে পারেনি। তাদের ইনিংসের স্থায়িত্ব ছিল কেবল ৪৯ ওভার ৪ বল। জবাবে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হয় অস্ট্রেলিয়ারও। দলীয় ৫৯ রানে সাত উইকেট হারানো অজিরা একটা পর্যায়ে ৪০ রানে পড়ে ৫ উইকেট। ১৯৮০ সালের পর এবার নিয়ে দ্বিতীয়বার অস্ট্রেলিয়া ঘরের মাঠে ৪০ রান তোলার আগে ৫ উইকেট হারায়। আজকের আগের ঘটনাটি ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোবার্ট টেস্টের। সে ম্যাচে মাত্র ১৭ রানে ৫ উইকেট গিয়েছিল অস্ট্রেলিয়ার।

এদিন ভারতকে ভালো শুরু এনে দিতে ব্যর্থ নতুন উদ্বোধনী জুটি। বাইশ গজে মাত্র ১০ মিনিট টিকতে পারেন যশস্বী জয়সওয়াল। শূন্য হাতে ফিরেন তিনি। তার মতো ডাকের দেখা পান দেবদূত পাডিক্কালও। ২৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই তরুণ ব্যাটার। টপ অর্ডারের দুই ব্যাটারে ব্যর্থতার দিনে বিরাট কোহলিও হয়েছেন জশ হ্যাজালউডের শিকার। হ্যাজলউডের চতুর্থ স্টাম্পে রাখা শর্ট ডেলিভারিটি একটু বেশিই উঠেছিল। যা কোহলির ব্যাটের ওপরের অংশে লেগে সোজা প্রথম স্লিপে দাঁড়ানো উসমান খাজার হাতে জমা পড়েছে। সবশেষ পাঁচ টেস্টের ইনিংসে কেবল একবার দুই অঙ্কের ফিগার স্পর্শ করতে পেরেছেন কোহলি।

কোহলির বিদায়ের পর দলকে টেনে তুলতে চেষ্টা করে গেছেন লোকেশ রাহুল। ৩৭ রান পর্যন্ত ব্যক্তিগত সংগ্রহ টেনে থেমেছেন তিনিও। যদিও তার আগে ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দর ফিরেন ব্যক্তিগত দুই অঙ্কের রান ছোঁয়ার আগেই। শেষ ব্যাটসম্যান হিসেবে নীতীশ রেড্ডির চেষ্টার ছিল প্রশংসার যোগ্য। ভারতের দেড় শ রানের ইনিংসে সবচেয়ে বড় জুটিটাও (৪৮) গড়েছেন এ দুজনই।

অস্ট্রেলিয়ার হয়ে ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন  হ্যাজলউড। দুটি করে উইকেট নিয়েছেন অন্য তিন পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ। অফ স্পিনার নাথান লায়ন ৫ ওভার হাত ঘুরিয়ে উইকেটশূন্য।

ভারতকে অল্পতে গুটিয়ে ব্যাটিংয়ে নামলে অস্ট্রেলিয়াকে চমকে দেন জাসপ্রিত বুমরা। জোড়া আঘাতে ওপেনার ওসমান খাজা ও অভিষিক্ত নাথান ম্যাকসুয়েনিকে সাজঘরে ফেরান তিনি। একটা পর্যায়ে৫০ রানের মধ্যে  ছয় উইকেট হারিয়ে বসে অজিরা। ট্রাভিস হেড (১১) একটু চেষ্টা চালিয়েছেন বৈ, স্টিভেন স্মিথকে রান খাতাও খুলতে দেননি বুমরা। এদিন বুমরা এতটাই বিধ্বংসী ছিলেন। প্রতিপক্ষ অধিনায়ক প্যাট কামিন্সের উইকেটটি জমা পড়ে তার অর্জনের ঝুলিতে। তবে অ্যালেক্স ক্যারি (১৯) ও মিচেল মার্শ (৬) এখনো টিকে আছেন। শনিবার দ্বিতীয় দিন শুরু করবে তারা। দিন শেষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের রান ৭ উইকেটে ৬৭। ভারতের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৮৭ রানে পিছিয়ে।

সংক্ষিপ্ত স্কোর

ভারত প্রথম ইনিংস: ৪৯.৪ ওভারে ১৫০ (নীতিশ ৪১, পন্ত ৩৭, রাহুল ২৬; হ্যাজলউড ৪/২৯, মার্শ ২/১২)। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২৭ ওভারে ৬৭/৭ (ক্যারি ১৯*, হেড ১১; বুমরা ৪/১৭, সিরাজ ২/১৭)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা