অ্যান্টিগা টেস্ট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪ ১৫:০৬ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৪ ১৫:১১ পিএম
সব স্মৃতিই নাড়া দেয়? অবশ্যই দেয়! হোক সেটা আনন্দ কিংবা বেদনার। অম্ল-মধুর স্মৃতি রয়েছে বাংলাদেশ ক্রিকেটে। যদিও টাইগারদের স্মৃতিতে মধুর চেয়ে অম্লই বেশি। তেমনই বছর ছয়েক আগে অ্যান্টিগায় ঘটে যাওয়া বিদনাবিধুর স্মৃতি আজও সাকিব আল হাসানদের রাত জাগার কারণ। সেবার টেস্টের একটি ইনিংসে সফরকারীদের ৪৩ রানে আটকে দিয়েছিল ক্যারিবিয়ানরা। টেস্টে ওটাই বাংলাদেশের সর্বনিম্ম স্কোর।
বাংলাদেশের বিপক্ষে বছরের শেষ টেস্ট সিরিজের আগে সেই স্মৃতিই মনে করিয়ে দেওয়া হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাফেটকে। যদিও এসবে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই স্বাগতিক দলের অধিনায়কের। তার মতে, এসব কেবলই ইতিহাস। তিনি বলেন, ‘পেছনে পড়ে যাওয়া সবকিছুই ইতিহাস। আমরা প্রতিভাবান বাংলাদেশ দলের বিপক্ষে খেলছি। যেটা চলে গেছে, সেটা চলে গেছে।’
পরিসংখ্যান ও ধারে-ভারে বাংলাদেশকে থেকে ঢের এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। সাদা শুভ্র পোশাকের ময়দানি লড়াইয়ে ২০ বারের দেখায় ১৪ জয় ক্যারিবিয়ানদের। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ সবশেষ টেস্ট জিতেছে ১৫ বছর আগে। ব্রাফেট অবশ্য এই অতীত ইতিহাসকে পাত্তা দিচ্ছেন না। বাংলাদেশকে হারানো সহজ হবে না বলেই মনে করেন তিনি, ‘কাজটা সহজ হবে না। আগের পারফরম্যান্সগুলো অতীত, তাই আগামীকাল (অ্যান্টিগার সময়) আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা ভালো টেস্ট ক্রিকেট খেলার এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’