পার্থ টেস্ট
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪ ১৪:৩৭ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৪ ১৪:৪১ পিএম
মর্যাদা ও ঐতিহ্যের বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দিনে বোলারদের দাপট লক্ষণীয়। শুক্রবার পার্থে টস জিতে প্রথমে ব্যাটিং করা ভারত প্রথম ইনিংসে করতে পেরেছে কেবল ১৫০ রান। দুই সেশনও টিকতে পারেনি সফরকারীরা। তাদের ইনিংসের স্থায়িত্ব ছিল কেবল ৪৯ ওভার ৪ বল। জবাবে ব্যাটিং নেমে ৩১ রানে তিন উইকেটে খুইয়েছে অস্ট্রেলিয়া।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মার্নাস লাভুশেনের (১) সঙ্গে ক্রিজে আছেন মিশেল মার্শ (৫)। অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৩/৪।
এদিন ভারতকে ভালো শুরু এনে দিতে ব্যর্থ নতুন উদ্বোধনী জুটি। বাইশ গজে মাত্র ১০ মিনিট টিকতে পারেন যশস্বী জয়সওয়াল। শূন্য হাতে ফিরেন তিনি। তার মতো ডাকের দেখা পান দেবদূত পাডিক্কালও। ২৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই তরুণ ব্যাটার।
টপঅর্ডারের দুই ব্যাটারে ব্যর্থতার দিনে বিরাট কোহলিও হয়েছেন জশ হ্যাজালউডের শিকার। হ্যাজলউডের চতুর্থ স্টাম্পে রাখা শর্ট ডেলিভারিটি একটু বেশিই উঠেছিল। যা কোহলির ব্যাটের ওপরের অংশে লেগে সোজা প্রথম স্লিপে দাঁড়ানো উসমান খাজার হাতে জমা পড়েছে। সবশেষ পাঁচ টেস্টের ইনিংসে কেবল একবার দুই অঙ্কের ফিগার স্পর্শ করতে পেরেছেন কোহলি।
কোহলির বিদায়ের পর দলকে টেনে তুলতে চেষ্টা করে গেছেন লোকেশ রাহুল। ৩৭ রান পর্যন্ত ব্যক্তিগত সংগ্রহ টেনে থেমেছেন তিনিও। যদিও তার আগে ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দর ফিরেন ব্যক্তিগত দুই অঙ্কের রান ছোঁয়ার আগেই। শেষ ব্যাটসম্যান হিসেবে নীতীশ রেড্ডির চেষ্টার ছিল প্রশংসার যোগ্য। ভারতের দেড় শ রানের ইনিংসে সবচেয়ে বড় জুটিটাও (৪৮) গড়েছেন এ দুজনই।
সপ্তম উইকেটে নীতীশ–ঋষভ জুটি বাঁধার আগে ৭৩ রানেই ৬ উইকেট হারিয়েছিল ভারত। দিনের প্রথম ঘণ্টার মধ্যেই ভারত হারায় যশস্বী জয়সোয়াল ও দেবদূত পাডিক্কালের উইকেট। দুজনই ফেরেন শূন্য হাতে। লাঞ্চ বিরতির আগে হতাশা জাগিয়ে ফেরেন বিরাট কোহলি (৫) আর লোকেশ রাহুলও (২৬)।
অস্ট্রেলিয়ার হয়ে ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন হ্যাজলউড। দুটি করে উইকেট নিয়েছেন অন্য তিন পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ। অফ স্পিনার নাথান লায়ন ৫ ওভার হাত ঘুরিয়ে উইকেটশূন্য।