আবুধাবি টি-টেন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪ ০০:১৪ এএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৪ ১০:৫২ এএম
সাকিব আল হাসান
শুরুটা জয়ে রাঙাতে পারলেন না সাকিব আল হাসান। আবুধাবি টি-টেন লিগে নিজেদের প্রথম ম্যাচে তার জন্য হার মেনেছে টিম বাংলা টাইগার্স। স্যাম্প আর্মি ৬ উইকেটে উড়িয়ে দিয়েছেন সাকিবের দলকে।
শুরুতে ব্যাট হাতে নেমে ১ উইকেটের বিনিময়ে ১০৬ রান সংগ্রহ করেছিল বাংলা টাইগার্স। লক্ষ্য তাড়া করতে নেমে ৯.৩ ওভারে ৪ উইকেট খুইয়ে জয়ের বন্দরে নোঙর করে আর্মিরা।
জয়ের লক্ষ্য ১০৭ হলেও শুরুতে শুরুটা ভালো হয়নি স্যাম্প আর্মির। দলীয় ৩৪ রানে টপ অর্ডারের দুই ব্যাটারকে খোয়ায় দলটি। তবে আন্দ্রে গুয়েস ও জ্যাক টেলর ঝোড়ো ইনিংস খেলে দলকে জয় এনে দেন। গুয়েসের ব্যাট থেকে ১৩ বলে আসে ২৪ রান। আর টেলর ১৩ বলে অপরাজিত থেকে যান ২৭ রান করে।
টাইগার্সদের জার্সিতে ২ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার সাকিব। অধিনায়ক সাকিব ২ ওভার বল করে খরচ করেন ১৫ রান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে ভালো কিছু করতে পারেনি বাংলা টাইগার্সও। ৭ বল খেয়ে ৫ রান নিয়ে সাজঘরের পথ ধরেন লোকমান ফয়সাল। উদ্বোধনী এ ব্যাটার একটু আগেভাগে ফেরায় ভাঙে ২১ রানের ওপেনিং জুটি।
পরে আর কোনো উইকেট হারায়নি টিম টাইগার্স। তবে ওয়ানডাউনে নামা দাসুন শানাকার শ্লথ গতির ব্যাটিংয়ে খানিকটা বিপদেই পড়েছিল দল। ইনিংসের শেষ দিকে অবশ্য কিছুটা পুষিয়ে দেন লঙ্কান এ ব্যাটার। শেষ ওভারে ৪ ছক্কা ও ১ বাউন্ডারি হাঁকিয়ে দলীয় স্কোর ১০০ পার করেন। ২৭ বলে ৬২ রানের হার না মানা দাপুটে এক ইনিংস খেলেন শানাকা। তার সঙ্গে ২৬ বল খেলে ৩৫ রান করে অপরাজিত থাকেন হজরতউল্লাহ জাজাই। সাকিব ব্যাটিংয়ে ঝলক দেখানোর সুযোগই পাননি।