প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪ ২৩:৫৪ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৪ ২৩:৫৬ পিএম
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম; ছবি: সংগৃহীত
চলতি মাসেই মাঠে গড়াতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতের আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হবে তরুণ ক্রিকেটারদের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসর। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে অংশ নেবে আটটি দল।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) আসন্ন যুব এশিয়া কাপের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই আসরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা রয়েছে ‘এ’ গ্রুপে, প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। 'বি' গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও জাপান।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই আফগানিস্তানের বিপক্ষে খেলবে আজিজুল হাকিম তামিমরা। দ্বিতীয় ম্যাচে ১ ডিসেম্বর বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। আর ৩ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে খেলবে জুনিয়র টাইগাররা।
প্রতি গ্রুপ থেকে সেরা দুটি দল খেলবে সেমি ফাইনাল। ৬ ডিসেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টের দুটি সেমি ফাইনাল, আর ফাইনাল হবে ৮ ডিসেম্বর। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহতে।
সবশেষ গেল বছর ২০২৩ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ যুবারা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ অধিনায়ক), রিফাত বেগ, সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুজ্জামান বরেণ্য, সাদ ইসলাম রাজিন।
অতিরিক্ত: কালাম সিদ্দিকী, শাহরিয়ার আজমীর, ইয়াসির আরাফাত, সানজিদ মজুমদার।