আয়ারল্যান্ড সিরিজ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪ ২২:৪৭ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৪ ২২:৪৮ পিএম
শারমিন আক্তার সুপ্তা - - - ছবি: আ. ই. আলীম
আয়ারল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। তিন ওয়ানডে দিয়ে মাঠে গড়াচ্ছে নতুন এ মিশন। সিরিজকে সামনে রেখে অনুশীলনে নিজেদের ঝালাই করে যাচ্ছে দেশের কন্যারা। দীর্ঘ ১৬ মাস পর দলে ডাক পেয়েছেন শারমিন আক্তার সুপ্তা। আসন্ন সিরিজের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনিও। বিশেষভাবে বললে কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের টিপস নিয়েছেন। নিজের ব্যাটিং পারফরম্যান্সে উন্নতির জন্যই দেশের অন্যতম সেরা এ কোচের দ্বারস্থ হন এ তারকা ব্যাটার।
কোচ সালাহউদ্দিনের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে সুপ্তা বলেন, ‘স্যারের (সালাহউদ্দিন) সঙ্গে অনেক দিন ধরে কাজ করছি। তিনি আমার ব্যাটিংয়ে পরিবর্তন আনার জন্য বেশ কিছু জিনিস শিখিয়েছেন। শুরুতে আমি অনেক দিন ক্রিকেট খেলে ফেলায় আমার পক্ষে নতুন কিছু রপ্ত করাটা কঠিন হয়ে পড়ছিল। তাই সময় যত গেছে আমি ততই স্যারের দেওয়া কৌশলের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। আমার ব্যাটিং অ্যাপ্রোচে তাই পরিবর্তন এসেছে, যা আমার খেলাকে সহজ করেছে।’
অতিথি আয়ারল্যান্ড থেকে নিজের দেশকেই এগিয়ে রাখছেন সুপ্তা। তবে আইরিশদের বিরুদ্ধে সিরিজ জেতা মোটেই সহজ হবে না। ঘরের মাঠের সিরিজ, তারপরও সফরকারী মেয়েদের সমীহের চোখেই দেখছেন সুপ্তা, ‘আমরা র্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডের চেয়ে এগিয়ে থাকলেও সিরিজটি সহজ হবে না। আমাদের প্রস্তুতি চলছে এবং আমরা আত্মবিশ্বাসী যে, সিরিজ জিততে পারব। আয়ারল্যান্ডকে নিয়ে আমাদের যে পরিকল্পনা রয়েছে, তা আমরা দলীয়ভাবেই ঠিক করেছি। মাঠে আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ফল আমাদের পক্ষেই আসবে।’
পাওয়ার হিটিংয়ে উন্নতিতে মনোযোগী সুপ্তা বলেন, ‘আমরা সবাই একসঙ্গে অনেক দিন ধরেই ক্রিকেট খেলছি। জাতীয় লিগ, প্রিমিয়ার লিগÑসব জায়গাতেই একত্রে খেলার অভিজ্ঞতা রয়েছে। জাতীয় দলে খেলার সুযোগ পারফরম্যান্সের ওপর নির্ভর করে। দলে সিনিয়র-জুনিয়র কোনো বিষয় নয়; মাঠে সবাই পেশাদার ক্রিকেটার হিসেবে নিজেদের সেরাটা দিতে চেষ্টা করে। আমার ব্যাটিংয়ে সিঙ্গেল, রোটেশনের ওপর জোর দিয়েছি। পাওয়ার হিটিংয়ে আমরা সবাই ততটা ভালো নই। তবে সিঙ্গেল এবং পাওয়ার হিটিং দুটির উন্নতিতে কাজ করছি।’