বর্ডার-গাভাস্কার ট্রফি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪ ২১:৩১ পিএম
অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ দুই সফরে টেস্ট সিরিজ জিতেছে ভারত। জাসপ্রিত বুমরাদের এবার হ্যাটট্রিক সিরিজ জয়ের মিশন। আর বন্ধ্যত্ব ঘোচানো মিশন অস্ট্রেলিয়ার। ঘরের মাঠে ভারতের বিপক্ষে প্রায় ১০ বছর টেস্ট সিরিজ জিততে পারেনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নরা। তবে অজিরা এবার খরা কাটাতে প্রস্তুত বলে জানিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক প্যাট কামিন্স।
পার্থে প্রথম টেস্ট তথা জয়ে বিশ্বাস স্বাগতিক দলের অধিনায়ক কামিন্সের। বৃহস্পতিবার পার্থে টেস্ট শুরুর আগের দিন তিনি জানালেন, এবার ১০ বছরের খরা কাটাতে মরিয়া তারা, ‘আমার মনে হয় ড্রেসিংরুমের অর্ধেকেরই বর্ডার-গাভাস্কার ট্রফি জেতার অভিজ্ঞতা নেই। কাজেই এটা অনেকটা শেষ একটা লক্ষ্য যা পূরণ হতে বাকি আছে।’ তবে তিনি মনে করেন, ‘গত কয়েক বছরে প্রায় প্রত্যেকটা চ্যালেঞ্জে আমরা জিতেছি। আমরা চূড়ায় উঠেছি, ভালো করেছি। আমার মনে হয় আরেকটি অস্ট্রেলিয়ান গ্রীষ্মে এই সিরিজ জিততে পারলে একটা পূর্ণতা আসবে। আমরা ভারতের মতো সেরা দলের বিপক্ষে খেলার জন্য রোমাঞ্চিত।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে অস্ট্রেলিয়া ও ভারত। ১২ ম্যাচে ৬২.৫০ শতাংশীয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে প্যাট কামিন্সরা। দ্বিতীয় স্থানে রোহিত শর্মার দল। ১৪ ম্যাচে ৫৮.৩৩ শতাংশীয় পয়েন্ট তাদের। ফাইনালের দৌড়ে টিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্তত ৩-২ ব্যবধানে সিরিজ জিততে হবে ভারতকে। তারপর অপেক্ষা করতে হবে অন্যান্য দলের ফলাফলের ওপর। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে এটিই শেষ সিরিজ ভারতের। ভারতের পর শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। ভারতের কাছে হারলেও ফাইনালের ভালো সুযোগ থাকবে অজিদের।
এখন পর্যন্ত ১০৭টি টেস্ট খেলেছে ভারত ও অস্ট্রেলিয়া। এর মধ্যে ভারত ৩২ ও অস্ট্রেলিয়া ৪৫ ম্যাচে জিতেছে। ২৯টি ম্যাচ ড্র হয়। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এবার জয়ের পাল্লা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ দুদলের সামনে।