বর্ডার-গাভাস্কার ট্রফি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪ ২১:২২ পিএম
বহুল আলোচিত ও দ্বৈরথের ‘বর্ডার-গাভাস্কার ট্রফি’ শুরু হচ্ছে আগামীকাল । পার্থের ওয়াকা স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও ভারত। অজিদের মাটিতে সবশেষ দুই সফরে টেস্ট সিরিজ জিতেছে ভারত। জাসপ্রিত বুমরাদের এবার হ্যাটট্রিক সিরিজ জয়ের মিশন। অনল বিরহে পোড়া আর বন্ধ্যত্ব ঘোচানো মিশন অস্ট্রেলিয়ার। ঘরের মাঠে ভারতের বিপক্ষে প্রায় ১০ বছর টেস্ট সিরিজ জিততে পারেনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নরা।
বর্ডার-গাভাস্কার ট্রফি নানা কারণেই বেশ কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রে। বিশেষ করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে অস্ট্রেলিয়া ও ভারত। ১২ ম্যাচে ৬২.৫০ শতাংশীয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে প্যাট কামিন্সরা। দ্বিতীয় স্থানে রোহিত শর্মার দল। ১৪ ম্যাচে ৫৮.৩৩ শতাংশীয় পয়েন্ট তাদের। ফাইনালের দৌড়ে টিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্তত ৩-২ ব্যবধানে সিরিজ জিততে হবে ভারতকে। তারপর অপেক্ষা করতে হবে অন্যান্য দলের ফলাফলের ওপর। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে এটিই শেষ সিরিজ ভারতের। সিরিজ জয়ে আশাবাদী সফরকারী দলের অধিনায়ক জাসপ্রিত বুমরা।
নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার অবর্তমানে দায়িত্বভার সামলাবেন বুমরা। তারপরও তিনি আশাবাদী জয়ের ব্যাপারে। ম্যাচ শুরুর আগে জানিয়েছেন নিজের মতো করেই নেতৃত্ব দেবেন বুমরা,‘আপনাকে নিজের পথ খুঁজে নিতে হবে; আপনি কাউকে হুবহু অনুকরণ করতে পারেন না। অবশ্যই রোহিত ও বিরাট (কোহলি) সফল ছিল এবং দল তাদের অধিনায়কত্বের সুফল পেয়েছে। কিন্তু কাউকে অনুকরণ করা কখনই আপনার পরিকল্পনায় ছিল না, এমনকি বোলিংয়ের ক্ষেত্রেও নয়। আমি সহজাত প্রবৃত্তিতে আস্থা রাখি এবং এভাবেই খেলে যাচ্ছি।’
বর্ডার-গাভাস্কার ট্রফির আগে ১০৭টি টেস্ট খেলেছে ভারত ও অস্ট্রেলিয়া। এর মধ্যে ভারত ৩২ ও অস্ট্রেলিয়া ৪৫ ম্যাচে জিতেছে। ২৯টি ম্যাচ ড্র হয়। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এবার জয়ের পাল্লা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ দুদলের সামনে।