ঘরোয়া ফুটবল মৌসুম শুরু হচ্ছে কাল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪ ১৯:৫৭ পিএম
চ্যালেঞ্জ কাপের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দুই দলের কোচ ও খেলোয়াড়। বৃহস্পতিবার কিংস অ্যারেনায়। ছবি : আ. ই. আলীম
দেশের ফুটবলে সর্বশেষ মৌসুম যেখান থেকে শেষ হয়েছিল, আজ যেন ঠিক সেখান থেকেই শুরু হতে যাচ্ছে। গেল মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তিন প্রতিযোগিতায় রানার্সআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব। পুরো মৌসুমজুড়েই শক্তিশালী কিংসকে কঠিন সময় উপহার দিয়েছে সাদা-কালোরা। ২০২৪-২৫ মৌসুমের প্রথম ম্যাচটিও মাঠে গড়াচ্ছে এই দুই দলের উপস্থিতিতে। চ্যালেঞ্জ কাপের ফাইনালে আগামীকাল বিকাল ৫টায় মুখোমুখি হবে দুই দল। বসুন্ধরা কিংস অ্যারেনা থেকে খেলাটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস।
এক ম্যাচের টুর্নামেন্ট হলেও প্রথমবারের মতো হতে যাওয়া ‘বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ’-এ থাকছে শিরোপা। মূলত ইংল্যান্ডের কমিউনিটি শিল্ড, স্পেন ও ইতালির সুপার কাপের আদলে হচ্ছে চ্যালেঞ্জ কাপ। বিশ্বের অনেক দেশেই মৌসুম শুরু হয় আগের বছরের সেরা দুই দল নিয়ে হয় ম্যাচ। ২০২৪-২৫ মৌসুম থেকে সেই যাত্রা হচ্ছে বাংলাদেশেও। প্রথম আসরে মুখোমুখি হবে গতবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ফেডারেশন কাপ রানার্সআপ মোহামেডান। নতুন শুরুর এই পথচলায় নিঃসন্দেজে শিরোপা জিতে সেটি আরও রাঙাতে চাইবে দুই দল।

চ্যালেঞ্জ কাপের আগে আজ বৃহস্পতিবার কিংস অ্যারেনায় শেষবারের মতো প্রস্তুতি নিয়েছে দুই দল। এরপর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেছেন দুই দলের কোচ এবং খেলোয়াড়। চ্যালেঞ্জ কাপে নতুন আশা নিয়ে মোহামেডান কোচ আলফাজ আহমেদ বলেছেন, ‘নতুন ফরম্যাটে প্রথমবার খেলতে যাচ্ছি। এই ম্যাচটি খেলার জন্য আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। দলে কোনো ইনজুরি নেই। সবাই সুস্থ। ইনশাআল্লাহ কালকে আমরা জয়ের জন্য মাঠে নামবো। মোহামেডান ক্লাব ঐতিহ্যবাহী ক্লাব। আমরা শিরোপা জেতার জন্য লড়ব।’ এক ম্যাচেই শিরোপা লড়াইয়ের কথা উল্লেখ করে আলফাজ বলেছেন, ‘এটা একটু নতুনত্ব। আমরা আসলে তাতে অভ্যস্ত না। এই বছর থেকে শুরু করলাম, আগামী বছর থেকে আরও ভালোভাবে নিতে পারবো।’
সর্বশেষ মৌসুমে আলফাজ আহমেদের অধীনে দারুণ খেলেছে মোহামেডান। নতুন মৌসুমে মাস্টারমাইন্ডখ্যাত আলফাজের কাছে থাকবে বাড়তি প্রত্যাশা। যদিও সব কৃতিত্ব আলফাজ দিয়েছেন খেলোয়াড়দের, ‘মোহামেডানের কোচ প্রধান কিছু না। খেলোয়াড়েরাই সব। তারা দারুণ একটা মৌসুম কাটিয়েছে। এবার তারা আরও ভালোভাবে মাঠে নামবে আশাকরি। দারুণ একটা স্কোয়াড আছে আমাদের।’ মোহামেডানের ডাগআউটে টানা তিন মৌসুম ধরে আছেন কোচ আলফাজ। অন্য অনেক দলই বিদেশিদের ওপর নির্ভর করলেও সাদা-কালোদের ভরসা তিনিই। ম্যাচের আগে প্রতিপক্ষ কোচদের সঙ্গে মাঠের বাইরের লড়াইটা করতে হয় আলফাজকেই। তার কথাতেই শোনা যাক, ‘আমি ভাগ্যবান যে মোহামেডানকে টানা তিন বছর ধরে কোচিং করাচ্ছি। দলেও ভালো ভালো খেলোয়াড় পেয়েছি। কিছু সাফল্যও পেয়েছি, আশা করি সামনেও সেটি চলমান থাকবে। এখানে ফলাফলের ওপর নির্ভর করে। আমার ভাগ্য ভালো, আমি ভালো ফল পেয়েছি। আর বিদেশি কোচ তো সবাই চায়।’

মোহামেডান তাদের আগের চারজন ফুটবলারই ধরে রেখেছে। ছন্দে থাকা এই খেলোয়াড়দের পাওয়াটা ক্লাবের জন্য ইতিবাচক দিকই। এই জায়গায় কিছুটা হলেও এগিয়ে থাকবে মোহামেডান। এছাড়া নতুন করে তরুণ দুজন খেলোয়াড় দলে ভিড়িয়েছে মোহামেডান। এদিকে বসুন্ধরা কিংস এএফসি চ্যালেঞ্জ লিগে চারটা ম্যাচ খেলেছে। তাদের খেলোয়াড়েরা খেলার মধ্যেই ছিল। মোহামেডানও প্রি-সিজন ম্যাচ খেলেছে। রহমতগঞ্জ ও ব্রাদার্সের বিপক্ষে খেলেছে মোহামেডান। এ নিয়ে দলের ডিফেন্ডার মেহেদি হাসান মিঠু বলেছেন, ‘আমরাও খেলার (প্রস্তুতি ম্যাচ) মধ্যেই ছিলাম। আমাদের খেলোয়াড়েরা সবাই ফিট। বসুন্ধরার বিপক্ষে খেলাটা আমি উপভোগ করি। তারা শক্তিশালী দল, তাদের বিপক্ষে খেলে জয় ছিনিয়ে আনতে পারলে সেটা দারুণ হয়।’

জিততে মরিয়া কিংস শিবিরও। আগের মৌসুমের ধারাবাহিকতা ধরে রাখতে চায় তারা। এ নিয়ে সংবাদ সম্মেলনে দলের ডিফেন্ডার সাদ উদ্দিনের ভাষ্য, ‘কাল (আজ) মৌসুমে প্রথম ম্যাচ। আমরা ভুটানে খেলে এসেছি। প্রস্তুতি ভালো, আমাদের লক্ষ্য থাকবে শিরোপা জিতে মৌসুম শুরু করতে।’ কিংসের রোমানিয়ান কোচ ভ্যালেরিউ তিতা বলেছেন, ‘ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভুটানের এএফসি টুর্নামেন্টের পর এই ম্যাচটি খেলতে নামছি আমরা। আশা করি কালকের ম্যাচে আমরা জিতবো।’ জেতার কথা বললেও প্রতিপক্ষকে সমীহ করছেন তিনি, ‘বাংলাদেশের ফুটবলে মোহামেডান অন্যতম পরাশক্তি, সেটা আমি জানি।’ এরপর আত্মবিশ্বাসী তিতা বলেছেন, ‘প্রথম ম্যাচই ফাইনাল, এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা নয়। আমি অতীতে অনেক ফাইনাল ম্যাচ জিতেছি এবং হেরেছি। তাই এই ম্যাচটি নিয়ে কোনো চাপ অনুভব করছি না। আমি নিশ্চিত আগামীকাল কয়েক গোলের ব্যবধানে জিতবে বসুন্ধরা।’