নেশনস লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪ ০৩:১৫ এএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৪ ০৩:১৫ এএম
সিনিয়রদের বসিয়ে রেখে ম্যাচের শুরুটা মোটেই ভালো হয়নি জার্মানির। প্রথমার্ধে একরকম নিজেদের ছায়া হয়েই ছিল তারা। দ্বিতীয়ার্ধে অবশ্য আক্রমণে ড়তি বাড়িয়ে লিড নেয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু শতচেষ্টা করেও শেষটা সুখকর হলো না। ম্যাচের একেবারের শেষ মুহূর্তে গোল পেয়ে জার্মানিকে রুখল হাঙ্গেরি।
বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় মঙ্গলবার রাতে উয়েফা নেশনস লিগের ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিত থেকে যায়। ফেলিক্স মেচার গোলে জার্মানি ম্যাচের নিরবতা ভাঙেন। সমতাসূচক গোল এনে দেন দমিনিক সোবোসলাই।
‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপে হাঙ্গেরিকেই ৫-০ গোলে ধসিয়ে দিয়ে টুর্নামেন্টে পথচলা শুরু হয়েছিল জার্মানির। এবার এগিয়ে গিয়েও জয়ের ছন্দ ধরে রাখতে পারল না ইউলিয়ান নাগেলসমানের শিষ্যরা।
ছয় ম্যাচ খেলে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ পর্ব শেষ করল জার্মানি। একই সময়ে শুরু আরেক ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মাঠে ১-১ গোলে ড্র করেছে নেদারল্যান্ডস। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটের টিকিট কেটেছে ডাচরা। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় হাঙ্গেরিকে পেরোতে হবে এখন রেলিগেশন প্লে-অফ। আগেই অবনমন নিশ্চিত হয়ে বসনিয়া ও হার্জেগোভিনা ২ পয়েন্ট নিয়ে পড়ে রয়েছে তলানিতে।