প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪ ২৩:৫৪ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪ ২৩:৫৫ পিএম
রাফায়েল নাদাল
ডেভিস কাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে স্পেন। প্রিয় জন্মভূমির বিদায়ের সঙ্গে পেশাদার টেনিসে পথচলা শেষ রাফায়েল নাদালেরও। তবে নিজের শেষ ম্যাচটা জয়ে রাঙাতে পারেননি ক্লে কোর্টের রাজা। বিদায় রজনীতে হজম করলেন কি না হারের তেতো স্বাদ। তার মানে পরাজয় দিয়েই পেশাদার টেনিসকে বিদায় জানালেন এ স্প্যানিশ কিংবদন্তি।
মালাগায় নিজেদের কোর্টে ৩৮ বছরের নাদাল পরাজিত হয়েছেন ৬-৪ ৬-৪ গেমে। অবশ্য ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েন। পরে আর খেলায় ফেরা হয়নি এ সুপারস্টারের।
২২ বারের গ্র্যান্ড স্লামজয়ী স্প্যানিশ কিংবদন্তির ২৩ বছরের ক্যারিয়ার নিজের ঘরের কোর্টে। রেকর্ড ১৪ বারের ফ্রেঞ্চ ওপেনজয়ী নাদাল কত রেকর্ডই নিজের করে নিয়ে ছাড়লেন টেনিস! তবে নাদালের আশা রেকর্ডের জন্য নয়, একজন ভালো মানুষ’ হিসেবে তাকে সবাই মনে রাখবেন, স্পেন হেরে যাওয়ার পর কোর্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাদাল বলেন, ‘আমি চাই মানুষ আমাকে এভাবে মনে রাখুক, যে কি না তার স্বপ্নকে ছাড়িয়ে গিয়েছিল। যে জীবনটা আমি যাপন করেছি, তাতে বলতেই হয় আমি খুব ভাগ্যবান। আর টেনিসের কারণেই অবিস্মরণীয় সব স্মৃতি জমা হয়েছে ভান্ডারে।’
৩৮-এ দাঁড়িয়ে নাদাল নিজেকে দেখছেন স্বপ্নবাজ একজন মানুষ হিসেবে, ‘আমি সেই সাধারণ ছেলে, যে কি না স্বপ্নের পেছনে ছুটেছে সব সময়, যতটা সম্ভব কঠোর পরিশ্রম করে আমি আজ যেখানে দাঁড়িয়ে, সেখানে এসেছে। তবে আমি চাই মানুষ আমাকে বেশি মনে রাখুক মায়োর্কার ছোট এক গ্রাম থেকে আসা একজন ভালো মানুষ হিসেবে।’