প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪ ২০:৫১ পিএম
ক্রিকেটে অসামান্য অবদান রাখায় মঈন আলীকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে ইংল্যান্ডের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়
ইংল্যান্ডের হয়ে দুটি বিশ্বকাপ জিতেছেন মঈন আলী। জিতেছেন সম্মানের অ্যাশেজ। তিন সংস্করণ মিলিয়ে খেলেছেন ২৯৮ ম্যাচ। রান করেছেন ৬৬৭৮ এবং উইকেট তুলেছেন ৩৬৬টি। দিবালোকের মতো স্পষ্ট— ক্যারিয়ারজুড়ে দলকে দুহাত ভরে দিয়েছেন মঈন আলী।
ক্রিকেটে সততা-নিষ্ঠা ও পরিশ্রমের ফল পেয়েছেন ৩৭ বর্ষী মঈন। তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে ইংল্যান্ডের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়। গত সোমবার কভেন্ট্রি ক্যাথেড্রালে এক অনুষ্ঠানে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। মঈনকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার কারণ ব্যাখ্যা করেছে বিশ্ববিদ্যালয়টি, ‘ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা মঈন আলীকে সম্মানসূচক ডক্টরেট অব আর্টসে ভূষিত করছি। তাকে এই সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত।’
এমন সম্মানে অভিভূত মঈন। ইংলিশ তারকা বলেছেন, ‘এমন সম্মানে আমি রোমাঞ্চিত। এর অংশ হতে পারা এবং শিক্ষার্থীদের সঙ্গে দিনটি ভাগ করে নেওয়া দারুণ ব্যাপার। আমি সব সময় আমার সাধ্যমতো সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’
মঈন আলীর জন্ম ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলের বার্মিংহামে। কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়েরও অবস্থান ওয়েস্ট মিডল্যান্ডসে। এই মুহূর্তে মঈন আলী কাউন্টি লিগে ব্যস্ত সময় পার করছেন।