প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪ ১৭:৪৯ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪ ১৭:৫২ পিএম
পেরুর বিপক্ষে বছরের শেষ ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। শূন্যে লাফিয়ে লাউতারো মার্টিনেজের দুর্দান্ত এক ভলিতে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তারা। ঘরের মাঠ লা বোমবেনারো স্টেডিয়ামে ম্যাচের পুরো সময় অতিথিদের চাপে রাখেন মার্টিনেজরা।
পেরুর বিপক্ষে এক গোলে আর্জেন্টিনার সর্বোচ্চ গোল আদায়কারীদের কাতারে নাম লিখিয়েছেন এসি মিলানের স্ট্রাইকার মার্টিনেজ। জাতীয় দলের হয়ে তার গোল সংখ্যা ৩২। তিনি স্পর্শ করেছেন বিশ্বকাপজয়ী ডিয়াগো ম্যারাডোনাকে। আকাশি নীল জার্সিধারীদের হয়ে ম্যারাডোনার গোল সংখ্যাও ৩২।
তিনবারের বিশ্বকাপজয়ীদের হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক লিওনেল মেসি। মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামির এই ফরোয়ার্ডের গোল সংখ্যা ১১২। পরের স্থানটি আরেক কিংবদন্তি গাব্রিয়েল বাতিস্তুতার। দেশের জার্সিতে ৫৪ গোল করেছেন তিনি। সার্জিও আগুয়েরোর গোল সংখ্যা ৪২। হার্নান ক্রেসপোর গোল ৩৫টি। আর ম্যারাডোনা-মার্টিনেজের যৌথভাবে ৩২টি করে গোল।
বছরের শেষ ম্যাচে জয় এবং নিজের কীর্তি। মার্তিনেজের খুশি লাগাই স্বাভাবিক। ম্যাচ শেষে শেষ খুশি উগড়ে দিয়েছেন তিনি, ‘এই বছরটা খুব ইতিবাচক ছিল। সৌভাগ্যবশত আমরা জয় দিয়ে শেষ করতে পারলাম। পারফরম্যান্স, গোল ও ম্যাচ খেলার হিসাবে বছরটা দারুণ ছিল। আমাদের খেলা চালিয়ে যেতে হবে এবং দিনে দিনে উন্নতি করতে হবে।’