প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪ ১৪:০৭ পিএম
জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কন
মাহিদুল ইসলাম অঙ্কন বাংলাদেশের ১০৬তম ক্রিকেটার। তার অভিষেক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ চট্টগ্রাম টেস্টে। চোট নিয়ে দল থেকে ছিটকে যান জাকের আলী অনিক। সেসুবাদে ভাগ্যের শিকে ছেড়ে অঙ্কনের। বিকালে স্কোয়াডে ডাক পেয়ে পরদিন সকালে জহুর আহমেদ স্টেডিয়ামে অভিষেক ম্যাচ খেলতে নামেন এ উইকেটরক্ষক ব্যাটার। যদিও তার অভিষেকটা রঙিন হয়নি।
এবার ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজেও জায়গা পেয়েছেন অঙ্কন। দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে রানের দেখা পেয়েছেন এ উইকেটরক্ষক ব্যাটার। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছে বিসিবি। যেখানে আরেক উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক ও অঙ্কন একে অন্যের সাক্ষাৎকার নিতে দেখা যায়।
দেশের জার্সিতে খেলার সুযোগ পেয়ে অঙ্কন বলেন, ‘আমি যখন থেকে ক্রিকেট খেলাটা শুরু করি তখন থেকেই ইচ্ছে ছিলো (জাতীয় দলে খেলার)...বাংলাদেশের হয়ে খেলতে পারাটা অনেক বড় ব্যাপার। আমি বেশি খুশি কারণ আমার আব্বু-আম্মুর শখ ছিল, ছোটবেলা থেকে আমাকে দেখবে টেস্ট খেলতে। সেটা হতে পারায় খুশি আলহামদুলিল্লাহ।’
প্রস্তুতি ম্যাচে ছয়ে নেমে জাকের আলী করেন ৪৮। সাতে নেমে অঙ্কন দলীয় স্কোরে যোগ করেন ৪১। পঞ্চম উইকেটে দুজনে মিলে গড়েন ৮১ রানের পার্টনারশিপ। দুজনই মাঠ ছাড়েন স্বেচ্ছায়। জাকেরের কাছে অঙ্কন জানতে চান তার ৪৮ রানের ইনিংস নিয়ে।
নিজের ব্যাটিং পরিকল্পনা এ নিয়ে জাকের বলেন, ‘এখানের কন্ডিশন আমাদের জন্য নতুন। আমার পরিকল্পনা ছিল উইকেট কেমন আচরণ করে, সেটা সম্পর্কে জানা। উইকেট যখন বুঝতে পেরেছি, তখন সেই অনুযায়ী খেলা শুরু করেছি। উইকেট একটু স্লো ছিল। আমরা দুজনই ভালো জুটি করতে পেরেছিলাম। আমার মনে হয়, এখানে পরিকল্পনা করে খেলা, পরিস্থিতি যা চায়- সে অনুযায়ী (খেলতে হবে), এখানে বেশি সুইং থাকে, এর জন্য আগে থেকেই প্রস্তুতি ছিল, সেটা কাজে লাগানোর চেষ্টা করেছি।’
মুশফিকুর রহিম ও নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ছাড়াই সাদা পোশাকের ক্রিকেট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। আগামী ২২ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি হবে অ্যান্টিগায়। এরপর ৩০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু জ্যামাইকা। পরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।