বিশ্বকাপ বাছাই
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪ ১১:৪২ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪ ১২:৫৬ পিএম
সাদামাটাভাবে এগিয়ে যাচ্ছিল লড়াই। শেষ দিকে রোমাঞ্চকর লড়াইয়ে ম্যাচ জমেও উঠেছিল। কিন্তু দুর্ভাগ্য জয়ের মুখ দেখা হলো কোনো দলের। গোলের অনেক সুযোগ তৈরিও হয়েছিল। কিন্তু সুযোগ হাতছাড়া করার খেসারত দুই দলকে দিতে হলো ড্রয়ে। ভিনিসিয়ুস জুনিয়র-রাফিনহাদের রুখে দিল উরুগুয়ে।
তাতেই বিশ্বকাপ বাছাই পর্বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কাছ থেকে মূল্যবান একটি পয়েন্ট কেড়ে নিল দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় আজ বুধবার সকালে ১-১ গোলে ড্র করেছে লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি। বিরতির পর ফেদে ভালভের্দের গোলে লিড নেয় উরুগুয়ে। পরে ব্রাজিলকে সমতাসূচক গোল এনে দেন জেহসন। আগের ম্যাচে ভেনেজুয়েলার মাঠ থেকেও ড্র করে ফিরেছিল ব্রাজিল। এ ম্যাচেও তাদের ভাগ্য বদলাল না। আটকে রইল যেন ড্রয়ের ফাঁদে।
স্বাগতিক ব্রাজিলকে হতবাক করে ৫৫ মিনিটে লিড নিয়ে ফেলে উরুগুয়ে। ডি বক্সের বাইরে থেকে ক্ষিপ্রগতির শটে জাল কাঁপিয়ে দেন ভালভের্দে। ৭ মিনিট পর দূরপাল্লার চমৎকার কিকে স্কোর লেভেল করে ব্রাজিল। রাফিনহার ক্রস শট মাথা ছুঁয়ে বিপদমুক্ত করতে চেয়েছিলেন রদ্রিগো বেন্তানকুর। কিন্তু ব্যর্থ হননি তিনি। জোরালো ভলিতে জেহসন করেন লক্ষ্যভেদ।