প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪ ১৭:২১ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৪ ২০:৩২ পিএম
দেশটা যখন পাকিস্তান, ঘটনা এখানেই শেষÑ বলাটা নিতান্তই
বোকামি। ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর পাইকারি ধরে বদল আনা হয় দেশটির ক্রিকেটে। বোর্ড
প্রেসিডেন্ট, টিম ম্যানেজমেন্ট, কোচ ও অধিনায়কÑ ধাক্কা লাগে সর্বত্রই। সেই রেশ ক্রমান্বয়ে
স্বাভাবিক হলেও ফের উলট-পালট পিসিবিতে। কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল, বাবর আজমদের তিন
ফরম্যাটের কোচ হচ্ছেন আকিব জাভেদ। শেষ পর্যন্ত তা সত্য হয়েছে, সেটা অবশ্য আংশিক। সাবেক
এই ক্রিকেটারকে সাদা বলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি। এক বছরের মধ্যে পাঁচবার
সাদা বলের কোচ পরিবর্তন করেছে পাকিস্তান।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত আকিব জাভেদকে সাদা বলের
কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান। কোচের দায়িত্ব পালনের পাশাপাশি দেশটির নির্বাচক
কমিটিতেও দায়িত্ব পালন করবেন আকিব। অর্থাৎ অন্তর্বর্তী কোচ হলেও নির্বাচকের দায়িত্বও
বহাল থাকবে তার।
আকিব জাভেদকে কোচ করার ব্যাপারে গত রবিবার গাদ্দাফি স্টেডিয়ামে
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি বলেছিলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত
আমরা একজন অস্থায়ী কোচ চাচ্ছিলাম। এ ব্যাপারে আকিবের সঙ্গে কথা হয়েছে। এই মুহূর্তে
অন্য কোনো কোচের সঙ্গে এ ব্যাপারে আলোচনা বা কথা বলতে ইচ্ছুক নই আমরা। চ্যাম্পিয়নস
ট্রফি তিন মাস দূরে। এ সময়ের মধ্যে আকিব ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন। সে ছেলেদের
সঙ্গে কাজ করতে ইচ্ছুক। আমরা তাকে অনুরোধ করেছি হেড কোচের দায়িত্ব নিতে।’
গত রবিবার ক্রিকইনফো এক প্রতিবেদনের জানায়, আগামী বছরের
চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত পাকিস্তানের সব ফরম্যাটের প্রধান কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে
দিয়েছেন জেসন গিলেস্পি। অস্ট্রেলিয়ান কোচকে বরখাস্ত করে জাভেদকে সব ফরম্যাটের কোচ বানাতে
যাচ্ছে পিসিবি। এমন খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিল পিসিবি। পাকিস্তানের শীর্ষ ক্রিকেট
সংস্থা বিবৃতিতে জানায়, পিসিবি এ গল্প শক্তভাবে প্রত্যাখ্যান করেছে। গিলেস্পি দক্ষিণ
আফ্রিকার বিপক্ষে দুটি লাল বলের ম্যাচেও পাকিস্তানের কোচ থাকবেন।
পিসিবির পক্ষ থেকে গতকালও এমনটাই জানানো হয়েছে। পাকিস্তানের
দক্ষিণ আফ্রিকা সিরিজ পর্যন্ত দলে থাকবেন গিলেস্পি। সংস্থাটি জানায়, আকিব শুধুমাত্রই
সাদা বলের কোচ এবং অন্তর্বর্তীকালীন। আমরা নতুন কোচ খুঁজব আগামী কয়েক দিনের মধ্যে।
আশা করি, এ সময়ের মধ্যে একজন ভালোমানের কোচ খুঁজে পাব।
চলতি বছরের অক্টোবরে সাদা বলের কোচের পদ থেকে বিদায় নেন
গ্যারি কারস্টেন। বিদায়ের পর নতুন করে সাদা বলের কোচ নিয়োগ দেয়নি পাকিস্তান। এ সময়
গিলেস্পিই তিন সংস্করণের দায়িত্বে ছিলেন। সেটা গেল আকিবের ওপর।
গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তানের সাদা বলের কোচের
দায়িত্ব ছাড়েন নিউজিল্যান্ডের ব্রাডবার্ন। তার জায়গায় দায়িত্ব নেন মোহাম্মদ হাফিজ।
এরপর দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেনকে হেড কোচের দায়িত্ব দেয় পাকিস্তান। গত মাসে
তিনিও দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এরপর দায়িত্ব সামলানোর ভার পড়ে জেসন গিলেস্পির ওপর। এবার
সেটা গেল আকিবের কাঁধে।