প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪ ১৩:৪৬ পিএম
হালান্ডের হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে নরওয়ে— সংগৃহীত ছবি
বল পায়ে দাপুটে আর্লিং হালান্ড করলেন হ্যাটট্রিক। তার তিন গোলে কাজখস্তানকে উড়িয়ে দিল নরওয়ে। আরেক ম্যাচে আয়ারল্যান্ডের একই অবস্থা করেছে ইংল্যান্ড। এদিন রাতে ইতালির বিপক্ষে ফ্রান্সও পেয়েছে জয়। তবে, অঘটনের শিকার হয়েছে বেলজিয়াম।
নেশন্স লিগে ফরাসিদের হয়ে অ্যাড্রিয়েন রাবিওটের পান জোড়া গোলের দেখা। ইতালির বিপক্ষে ফ্রান্সের ৩-১ গোলের জয়ে রাখেন অবদান। কাজাককে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার রাতে হ্যাটট্রিক গড়েন হালান্ড। অপেক্ষাকৃত দুর্বল দল ইসরায়েলের কাছে একমাত্র গোলে হেরে অঘটনের শিকার হয় বেলজিয়াম।
মিলানে শনিবার রাতে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের দেখা পান রাবিওট, লিড পায় ফ্রান্স। গুগলিয়েলমো ভিকারিও ৩৩ মিনিটের মাথায় নিজেদের জালে বল জড়ালে ব্যবধান দ্বিগুণ হয়। দুই মিনিট পর আন্দ্রেয়া ক্যাম্বিয়াসো নিশানাভেদ করে ইতালিকে ম্যাচে ফেরানোর আশা জাগিয়েছিলেন। বিরতির পর ৬৫ মিনিটে রাবিওট আবারো গোল করলে ফ্রান্সের জয় নিশ্চিত হয়।
উয়েফা নেশন্স লিগের এ লিগের ২ নম্বর গ্রুপের আরেক খেলার শেষ মুহূর্তে গোল আন্তর্জাতিক ফুটবলে অভিষিক্ত ইয়ার্ডেন শুয়ার লক্ষ্যভেদে এক গোলের পরাজয় বরণ করে বেলজিয়াম। গ্রুপ ‘এফ’এ আয়ারল্যান্ডকে ৫-০ গোল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড।
৬ ম্যাচে সমান ১৩ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স ও গ্রুপ রানার্সআপ ইতালি। দল দুটি কেটেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। বিদায় নেয়া বেলজিয়াম ও ইসরায়েলের পয়েন্ট ৪। ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ‘বি’ লিগের দুই নম্বর গ্রুপের সেরা হয়ে ‘এ’ লিগে ফিরছে ইংল্যান্ড। আর ‘বি’ লিগের তিন নম্বর গ্রুপের সেরা হয়ে ‘এ’ লিগে উঠেছে নরওয়ে।