× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় ক্রিকেট লিগ

অমিতের সেঞ্চুরি, শরিফের ফাইফার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪ ১৯:৪৮ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪ ১৯:৫০ পিএম

সেঞ্চুরি হাঁকানোর পথে চলতি এনসিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে পাঁচশ রান পেরিয়েছেন সিলেটের অধিনায়ক অমিত হাসান; ছবি: আ. ই. আলীম

সেঞ্চুরি হাঁকানোর পথে চলতি এনসিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে পাঁচশ রান পেরিয়েছেন সিলেটের অধিনায়ক অমিত হাসান; ছবি: আ. ই. আলীম

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডে ডাবল সেঞ্চুরির পরই নির্বাচক হান্নান সরকার বলেছিলেন, জাতীয় দলের খুব কাছে অমিত হাসান। সেই দূরত্ব ঘোচাতে পঞ্চম রাউন্ডেই তিনি করেছেন আরেকটি সেঞ্চুরি। অমিতের শতক ছোঁয়ার দিনে বল হাতে আলো ছড়িয়েছেন আহমেদ শরিফ, এনামুল হকরা। আর বিদায়ী ম্যাচের দুই ইনিংসেই রান করতে ব্যর্থ হয়েছেন ইমরুল কায়েস।

অমিতের সেঞ্চুরিতে সিলেটের দাপট

খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে ইনিংস ব্যবধানে জয়ের সম্ভাবনা জাগিয়েছে সিলেট বিভাগ। প্রথম ইনিংসে ঢাকা মেট্রোকে ১৩০ রানে গুটিয়ে দিয়ে অমিতের সেঞ্চুরির সৌজন্যে ৩৭৬ রান করে সিলেট। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে মাত্র ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছে মেট্রো। ফলে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হাতে রেখে ১৯৭ রানে পিছিয়ে আছে তারা।

রবিবার প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৩ চারে ২০৪ বলে ১০১ রানের ইনিংস খেলার পথে নিজের নবম সেঞ্চুরি হাঁকান অমিত হাসান। এতে চলতি লিগে প্রথম ব্যাটসম্যান হিসেবে পাঁচশ রান পেরিয়ে যান সিলেটের এই অধিনায়ক। আগের রাউন্ডের সেঞ্চুরিয়ান আসাদুল্লাহ আল গালিব ৫৬ ও শেষ দিকে তোফায়েল আহমেদ ৪৭ রানের ক্যামিও ইনিংস খেলেন।

শামীম-শরিফে অপেক্ষায় চট্টগ্রাম

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে রাজশাহী বিভাগের বিপক্ষে দুই দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে চট্টগ্রাম বিভাগ। রাজশাহীর ১১২ রানের জবাবে প্রথম ইনিংসে ২৫২ রান করে চট্টগ্রাম। ১৪০ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে দিন শেষে রাজশাহীর সংগ্রহ ৮ উইকেটে ২০২ রান। দ্বিতীয় ইনিংসে মাত্র ২ উইকেট বাকি রেখে মাত্র ৬২ রানে এগিয়ে রাজশাহী।

প্রথম ইনিংসে চট্টগ্রামকে একাই টেনেছেন শামীম পাটওয়ারী (৮৪*)। রাজশাহীর পক্ষে ৩টি করে উইকেট নেন ওয়াসি সিদ্দিকি ও সাব্বির হোসেন। পরে সফরকারীদের ইনিংস ধসিয়ে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট পূর্ণ করেন পেসার আহমেদ শরিফ। সাব্বির হোসেন ৫৪, তানজিদ হাসান তামিম ৪০ রানে বিদায় নেন। একপ্রান্ত আগলে রেখে ৪২ রানে অপরাজিত আছেন শাকির হোসেন।

মিরপুরে সুমনের পর এনামুলের তাণ্ডব

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগের ১৭২ রানের জবাবে আরিফুল ইসলামের লড়াকু (৬২) ইনিংসে পরেও প্রথম ইনিংসে ১৬০ রানে গুটিয়ে যায় ঢাকা বিভাগ। ১২ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয়ে গেছে খুলনা। তৃতীয় দিন ১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে ঢাকা।

প্রথম ইনিংসে ৬ উইকেট শিকারে খুলনার ইনিংস ধসিয়েছিলেন পেসার সুমন খান। দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে ৪ উইকেট শিকারে চমক দেখিয়েছেন এনামুল হক। তাদের বোলিংয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারে শেষ ইনিংসেও ব্যর্থ হয়েছেন ইমরুল কায়েস। প্রথম ইনিংসে ১৬ রান করা বাঁহাতি এই ব্যাটার বিদায়ী ইনিংসে করেন মাত্র ১ রান।

রাজশাহীতে তানভীরের পর মামুনের ফিফটি

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামের ব্যাটিংবান্ধব পিচে ৭ উইকেটে ২৬৬ রান নিয়ে দিন শুরু করা বরিশাল বিভাগ অলআউট হয় ৩৩৬ রানে। জবাবে দ্বিতীয় দিন শেষে রংপুর বিভাগের সংগ্রহ ৫ উইকেটে ২১৮ রান। ১১৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে রংপুর।

বরিশালের অধিনায়ক তানভির ইসলামের ব্যাট থেকে আসে ৭ চার ও ২ ছক্কায় ৫৭ বলে ৫২ রান। রংপুর সব মিলিয়ে ৯ বোলার ব্যবহার করলেও কেউই ২ উইকেটের বেশি নিতে পারেননি। পরে ব্যাট করতে নেমে আব্দুল্লাহ আল মামুন ৬৫ রানে সাজঘরে ফেরেন। নাঈমের ইনিংস থামে ৪০ রানে। বেশিক্ষণ টিকতে পারেননি আকবর আলি। দিনের শেষ ভাগে আর বিপদ ঘটতে দেননি তানবীর হায়দার ও আরিফুল হক।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা