প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪ ১৪:১৫ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪ ১৪:৩২ পিএম
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। সৌদি আরবের জেদ্দায় আগামী ২৪ ও ২৫ নভেম্বর বসছে আইপিএলের মেগা নিলাম। একাধিক পরিবর্তন আর লম্বা রিটেনশন পর্ব শেষে বেশ নতুন করেই আসছে আইপিএলের নিলাম পর্ব। যেখানে বাংলাদেশ থেকে প্লেয়ার ড্রাফটে থাকবেন ১২ জন ক্রিকেটার। তার মধ্যে একজন লেগ স্পিনার রিশাদ হোসেন।
আজ রবিবার (১৭ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ২২ বছর বয়সি রিশাদ। এসময় আইপিএলে নিজের কোনো পছন্দের দল আছে কি না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই স্পিনার বলেন, ‘সাধারণত আমি কলকাতা নাইট রাইডার্স পছন্দ করি। কারণ সেখানে সাকিব ভাই (সাকিব আল হাসান) ও লিটন দা (লিটন দাস) খেলেছেন।'
এসময় আইপিএলে খেলার ইচ্ছার কথাও জানান টাইগার এই লেগি, ‘সবারই স্বপ্ন থাকে আইপিএলে খেলার, কিন্তু অতিরিক্ত আশা করা উচিত নয়। আমি অনেক আশা করি না, যাতে আঘাত না পাই। সাধারণত আমি এভাবে চিন্তা করি না। আমি বিপিএল ড্রাফট নিয়েও চিন্তা করি না, আমি শুধু স্বাভাবিক থাকতে চেষ্টা করি। কারণ সবকিছু আল্লাহর হাতে, যা হবে দেখা যাবে।’
এবারের নিলামে ‘এ’ ক্যাটাগরিতে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে আছেন মুস্তাফিজুর রহমান। সাকিবের সঙ্গে এক কোটি রুপির ভিত্তিমূল্যে নিলামে নাম লিখিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। এ ছাড়া বাকি থাকা ৮ ক্রিকেটার রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানার ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি।
রিশাদের অবশ্য নির্দিষ্ট দল নিয়ে আশা নেই, ‘আইপিএলে পারফর্ম করার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। মানুষের ভালো দিন বা খারাপ দিন হতে পারে, তবে আমি এ বিষয়ে অতিরিক্ত চিন্তা করি না, পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব। আমার কোনো নির্দিষ্ট দল নিয়ে আশা নেই। যেমন ধরুন, যদি আমি আশা করি চেন্নাই আমাকে নেবে এবং অন্য কোনো দল আমাকে নিয়ে নেয়, তাহলে অবশ্যই খারাপ লাগবে। তাই আমি এভাবে চিন্তা করি না।’