× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় ক্রিকেট লিগ

ইমরুলের বিদায়ী ম্যাচে সুমনের তাণ্ডব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪ ২২:০০ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪ ২২:২৪ পিএম

মিরপুর শেরেবাংলায় ইমরুল কায়েসের খুলনা বিভাগের ৬ উইকেট নিয়ে একাই ইনিংস ধসিয়েছেন ঢাকা বিভাগের পেসার সুমন খান; ছবি: আ. ই. আলীম

মিরপুর শেরেবাংলায় ইমরুল কায়েসের খুলনা বিভাগের ৬ উইকেট নিয়ে একাই ইনিংস ধসিয়েছেন ঢাকা বিভাগের পেসার সুমন খান; ছবি: আ. ই. আলীম

প্রথম শ্রেণির ক্রিকেটে ইমরুল কায়েসের বিদায়ী ম্যাচে তাণ্ডব চালিয়েছেন সুমন খান। আজ শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের প্রথম দিনেই খুলনা বিভাগের বিপক্ষে ৫০ রানে ৬ উইকেট নিয়েছেন ঢাকা বিভাগের এই পেসার। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে চট্টগ্রামের পেসার ফাহাদ হোসেন নিয়েছেন ৫ উইকেট। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দাপট দেখাচ্ছেন সিলেট বিভাগের বোলাররা। ঢাকা মহানগরকে তারা অলআউট করেছে ১৩০ রানে। 

ইমরুলকে গার্ড অব অনার-সম্মাননা

২০১৯ সালের পর জাতীয় দলে দেখা যায়নি ইমরুল কায়েসকে। শেষ কয়েক বছর ধরে জাতীয় দলে ফেরার চেষ্টা করেও সুযোগ মেলেনি। তাই লাল বলের ক্রিকেট জার্নিটাকে বিদায় বলে দিয়েছেন এই ওপেনার। ৩৭ বর্ষী জাতীয় দলের সাবেক ওপেনার লংগার ভার্সন ছাড়লেও সাদা বলের ক্রিকেটে আরও কিছুদিন খেলা চালিয়ে যাবেন তিনি। আসন্ন বিপিএলে তাকে দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স। এছাড়াও আগামী ডিপিএলে মোহামেডানে খেলবেন বলে শোনা যাচ্ছে। 

মিরপুরে ইমরুলের বিদায়ী ম্যাচ শুরুর আগে দুই দলের ক্রিকেটাররা মাঠের দুপাশে দাঁড়িয়ে তাকে গার্ড অব অনার প্রদান করেন। তার কিছুক্ষণ পরই তাকে ক্রেস্ট উপহার দেয় বিসিবি। বিদায়ী ম্যাচের প্রথম ইনিংসে ভালো করতে পারেননি এই টপ অর্ডার ব্যাটার। মোহাম্মদ এনামুল হকের বলে আশিকুর রহমান শিবলির হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি। তার আগে ২৭ বলে তিন বাউন্ডারিতে করেছেন ১৬ রান। তার দলও প্রথম ইনিংসে অলআউট হয়েছে মাত্র ১৭২ রানে।

লাঞ্চ বিরতির সময় খুলনা বিভাগীয় ক্রিকেট দলের পক্ষ থেকেও ইমরুলকে সম্মাননা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাহাতি এই ব্যাটারের অভিষেক টেস্টের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও দীর্ঘদিনের ওপেনিং সঙ্গী তামিম ইকবাল। দিনের খেলা শেষে খুলনা দল থেকে জানানো হয়েছে, ম্যাচ শেষে বিসিবির প্রধান ফারুক আহমেদের উপস্থিতিতে ইমরুলকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে।

ইমরুলের টেস্ট ক্যারিয়ার ছিল মিশ্র পারফরম্যান্সের। প্রায় ১৬ বছরের টেস্ট ক্যারিয়ারে দেশের হয়ে ৩৯টি ম্যাচ খেলেছেন। ৩টি সেঞ্চুরিসহ ২৪.২৮ গড়ে করেছেন ১ হাজার ৭৯৭ রান। প্রথম শ্রেণির ক্রিকেটেও ১৩৭ ম্যাচে ২৪৭ ইনিংসে ৭ হাজার ৯৪৬ রান আছে তার, গড় ৩২.১৭। ২০টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ২৭টি হাফ সেঞ্চুরি।

ম্যাচটিতে ইমরুলকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হলেও সব আলো কেড়ে নিয়েছেন ঢাকার সুমন খান। চোট থেকে ফেরা এই পেসারের এবারের জাতীয় লিগে তৃতীয় ম্যাচে মাঠে নেমেই চমক দেখিয়েছেন। আগের দুই ম্যাচের ৪ ইনিংসে ১ উইকেট নেওয়া সুমন মিরপুরে তাণ্ডব চালিয়ে তুলে নিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে পঞ্চম ৫ উইকেট। তার ৬০ রানে ৬ উইকেটের পর ঢাকা দিন শেষ করেছে ৩ উইকেটে ৫৮ রানে। আশিকুর রহমান (১১) ও মোসাদ্দেক হোসেন (২০) রানে অপরাজিত আছেন।

খুলনায় ৪ উইকেট নাসুমের

জাতীয় লিগের শুরু থেকেই দারুণ ছন্দে সিলেট বিভাগ। খুলনায় ঢাকা মহানগরের বিপক্ষে সে ছন্দ ধরে রাখল দলটি। জাতীয় দলের হয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে আসা নাসুম আহমেদ ফিরেই নিয়েছেন ৪ উইকেট। চতুর্থ রাউন্ডে বিশ্রাম নিয়ে ফেরা রেজাউর রেজা ও খালেদ আহমেদের ৩ টি করে শিকারে দাঁড়াতেই পারেনি ঢাকা মহানগর। ৪৩.১ ওভারে ১৩০ রানে অলআউট দলটি। জবাবে অধিনায়ক অমিত হাসানের অপরাজিত ফিফটিতে (৫১) দিন শেষে ২ উইকেটে ১৩৭ রান করেছে সিলেট।

ফাহাদের প্রথম ৫ উইকেট

রাজশাহী বিভাগকে একাই কাপিয়ে দিয়েছেন চট্টগ্রামের তরুণ বাঁহাতি পেসার ফাহাদ হোসেন। তিনি ৩১ রানে ৫ উইকেট নিলে রাজশাহীর ইনিংস থামে ১১২ রানে অলআউট হয়। এটি প্রথম শ্রেণির ক্রিকেটে তার প্রথম ৫ উইকেট। জবাবে চট্টগ্রামের ব্যাটিংও ভালো হয়নি। দিন শেষে ৮ উইকেটে তাদের সংগ্রহ ১৭৩ রান। শামীম হোসেন (১৯) ও আশরাফুল হাসান (০) অপরাজিত আছেন। রাজশাহীর মিডিয়াম পেসার সাব্বির হাসান ও লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকি ৩ উইকেট নিয়েছেন।

তিন ফিফটিতে বরিশালের লড়াই

জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে সেঞ্চুরি করা তরুণ ওপেনার ইফতিখার আহমেদ  রংপুরের বিপক্ষে ৭০ রানের ইনিংস খেলেছেন। ফিফটি করে আউট হয়েছেন সালমান হোসেন ও তাসামুল হকও। সালমানের ব্যাট থেকে আসে ৬৭ রানের ইনিংস। ৫১ রান করেছেন অভিজ্ঞ তাসামুল। ৩ ফিফটিতে সৌজন্যে রংপুরের বিপক্ষে প্রথম দিন শেষে বরিশালের সংগ্রহ ৭ উইকেটে ২৬৬।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা