প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪ ১৯:০১ পিএম
জনির গোলে ১-১ সমতা নিয়ে বিরতিতে বাংলাদেশ। প্রবা ফটো
দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশকে মোকাবিলা করছে মালদ্বীপ। ম্যাচে ২৪ মিনিটে এগিয়ে যায় মালদ্বীপ। তবে বিরতির দুই মিনিট আগে মজিবর রহমান জনির দুর্দান্ত গোলে সমতায় ফেরে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে গেছে হাভিয়ের কাবরেরার দল।
একাদশে এদিন এক পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। আগের ম্যাচে শুরুর একাদশে থাকা সায়েদ কাজেম কিরমানির জায়গায় সুযোগ পান মজিবর রহমান জনি। প্রথম ম্যাচে দ্বিতীয়ার্ধে নেমে দারুন খেলেন এই মিডফিল্ডার।
খেলার ষষ্ঠ মিনিটে মালদ্বীপের বক্সে কিছুটা আতঙ্ক ছড়ায় বাংলাদেশ। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন জনি। তবে তার দেওয়া অসময়ের পাস থেকে সুবিধা আদায় করে নিতে পারেনি বাংলাদেশ। তবে তপু বর্মনের ভুল পাস থেকে ঠিকই ফায়দা তুলে নেয় মালদ্বীপ। তপুর ভুলের মাশুল দিয়ে খেলার ২৪ মিনিটে ১-০ গোলে পিছিয়ে পড়ে স্বাগিতকরা। আগের ম্যাচের মতো এবার মালদ্বীপকে এগিয়ে দেন আলি ফাসির। প্রথম ম্যাচের ১৮ মিনিটে তিনিই লিড এনে দিয়েছিলেন দলকে। বক্সের বা প্রান্ত থেকে দেওয়া তপুর পাস বাংলাদেশের অর্ধে পেয়ে যায় মালদ্বীপ। ফিরতি পাস পেয়ে তপু আর সাদ উদ্দিনকে কাটিয়ে আলি ফাসির পরাস্ত করেন মিতুলকে। এদিন ম্যাচের শুরু থেকেই একের পর এক দৃষ্টিকটু ব্যাক পাস দিয়ে গেছেন তপু। শেষ পর্যন্ত নড়বড়ে তপুতেই সর্বনাশ ডেকে আনে বাংলাদেশ।

বাংলাদেশ গোলের সুযোগ পায় খেলার ৪০ মিনিটে। রাকিবের আড়াআড়ি ক্রস থেকে গোলমুখে শট নেন ফাহিম। মালদ্বীপের গোলরক্ষক হুসাইস শারিফ ফিস্ট করলে বক্সেই বল পান মোরছালিন, এবার এই স্ট্রাইকারের শট যায় বক্সের অনেকটা উপর দিয়ে। পরের মিনিটে বাংলাদেশের আরেকটি আক্রমণ প্রতিহত হয় মালদ্বীপের রক্ষণের সামনে।
৪৩ মিনিটে মোরছালিন সঙ্গে ফাহিমের দেওয়া নেওয়ার পর বল পেয়ে যান জনি। পায়ে বল নিয়ে সামনে থাকা প্রতিপক্ষের চারজন ডিফেন্ডারকে বোকা বাকিয়ে জোড়ালো শট নেন গোলে। মালদ্বীপের গোলরক্ষক ডান দিকে ঝাপিয়ে আটকানোর চেষ্টা করলেও বলের নাগাল পাননি তিনি। বিরতির দুই মিনিট আগে ১-১ গোলে সমতায় ফেরে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্যারিয়ারে দ্বিতীয় গোলের দেখা পেলেন জনি। গতবছর জুনে নম পেনে কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে গোল করেছিলেন জনি। আর ২০২৩ সালে এ নিয়ে তৃতীয় গোলের দেখা পেল বাংলাদেশ।