× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়ে সবার ওপরে রোনালদো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪ ১৬:১৭ পিএম

কীর্তি  গড়ার দিনে বাইসাইকেল কিক থেকে দুর্দান্ত এক গোল করেছেন  রোনালদো; ছবি: সংগৃহীত

কীর্তি গড়ার দিনে বাইসাইকেল কিক থেকে দুর্দান্ত এক গোল করেছেন রোনালদো; ছবি: সংগৃহীত

‘বুড়ো’ ক্রিস্টিয়ানো রোনালদো আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, তিনি ফুরিয়ে যাননি। আগের ম্যাচেই স্কটল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে হতাশা নিয়ে মাঠ ছেড়েছিলেন। তবে এক ম্যাচ পর ফের জালের দেখা পেলেন পর্তুগিজ উইঙ্গার। পেনাল্টিতে সফল স্পট কিকের পর শেষ দিকে দর্শনীয় বাইসাইকেল কিক থেকে গোল করলেন আরেকটি। 

শুক্রবার পোল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধের গোল উৎসবে ৫-১ ব্যবধানে জিতে একম্যাচ হাতে রেখেই উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল। ৩৯ বছর বয়সী রোনালদোর এটি পর্তুগালের জার্সিতে ১৩২তম জয়। আন্তর্জাতিক ফুটবলে এত বেশি ম্যাচ জেতার রেকর্ড আর কারও নেই। এক ম্যাচ কম জেতা স্পেনের সাবেক তারকা সের্হিও রামোস দুইয়ে নেমে গেছেন। 

পোর্তোর দো দ্রাগাও স্টেডিয়ামে গ্রুপ এ-ওয়ানের ম্যাচটিতে প্রতিপক্ষের সামনে ত্রাস হিসেবে আবির্ভূত হন রোনালদো। তিনি ছাড়াও গোলের দেখা পেয়েছেন রাফায়েল লিয়াও, ব্রুনো ফার্নান্দেজ ও পেদ্রো নেতো। অবশ্য প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি। প্রথম গোলের খাতা খুলতে অপেক্ষায় থাকতে হয় ৫৯তম মিনিট পর্যন্ত।

পর্তুগিজদের হয়ে প্রথম গোলটি করেন লিয়াও। এরপর ৭২তম মিনিটে পেনাল্টি থেকে পানেনকা শটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। এরপর ৮০তম মিনিটে ফার্নান্দেজ আরও এক গোল করলে ব্যবধান ৩-০ হয়। ৩ মিনিট পরে সেটিকে ৪-০ করেন নেতো। ৮৭তম মিনিটে দলের পঞ্চম গোলটি করেন রোনালদো। ভিতিনিয়ার উঁচু করে বাড়ানো বল ছয় গজ বক্সের ভেতরে পেয়ে রোনালদো শূন্যে ভেসে দারুণ এক বাইসাইকেল কিকে বল জালে পাঠিয়ে দেন।  

আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোলসংখ্যা এখন ১৩৫টি। আর সবমিলিয়ে তার ক্যারিয়ার গোলসংখ্যা ৯১০টি। যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোলের রেকর্ড। আর জয়ের রেকর্ড তো আছেই। সবমিলিয়ে রোনালদোর জন্য স্মরণীয় এক রাতের সাক্ষী হলো পোর্তো। পর্তুগালের শেষ ম্যাচ ১৮ অক্টোবর ক্রোয়েশিয়ার বিপক্ষে। 

ম্যাচ শেষে পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ বলেন, ‘আমরা যেভাবে খেলতে চেয়েছি, সে দিক থেকে প্রথমার্ধ খুব বাজে ছিল। আমরা মনোযোগ হারিয়ে হতাশ হয়ে পড়েছিলাম। তবে দ্বিতীয়ার্ধ ছিল আমার দেখা এখন পর্যন্ত সেরা। আমরা মানসিকতা বদলে নিয়ে খেলায় মনোযোগ বাড়িয়েছে, পারস্পরিক সহায়তা বাড়িয়েছি। পোল্যান্ডকে খেলতেই দেইনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা