প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ ২১:৩৫ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৪ ২১:৩৬ পিএম
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। সৌদি আরবের জেদ্দায় আগামী ২৪ ও ২৫ নভেম্বর বসছে আইপিএলের মেগা নিলাম। একাধিক পরিবর্তন আর লম্বা রিটেনশন পর্ব শেষে বেশ নতুন করেই আসছে আইপিএলের নিলাম পর্ব। এবারের নিলামে সর্বোচ্চ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন কাটারমাস্টার মুস্তাফিজুর রহমান।
শুক্রবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে শর্টলিস্টে থাকা ৫৭৪ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। যেখানে ৩৬৬ জন
ভারতীয় ক্রিকেটারের পাশাপাশি আছে ২০৮ জন বিদেশি ক্রিকেটার। গত আসরে চেন্নাই
সুপার কিংসে খেলা কাটারমাস্টার মুস্তাফিজ ‘এ’ ক্যাটাগরিতে আছেন। যার ভিত্তিমূল্য ২
কোটি রুপি। ফিজ ছাড়াও আইপিএলের নিলামে আছেন আরও ১১ বাংলাদেশি।
টাইগার অলরাউন্ডার
সাকিব আল হাসানের সঙ্গে এক কোটি রুপির ভিত্তিমূল্যে নিলামে নাম লিখিয়েছেন মেহেদী হাসান
মিরাজ ও তাসকিন আহমেদ। এ ছাড়া বাকি থাকা ৮ ক্রিকেটার রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ
হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানার
ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি।
এবারের নিলাম থেকে সর্বোচ্চ ২০৪ জন ভারতীয় ও ৭০ জন বিদেশি ক্রিকেটারকে কেনার সুযোগ রয়েছে ফ্র্যাঞ্চাইজিদের সামনে।
বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল ভিত্তিমূল্য
২ কোটি রুপি: মুস্তাফিজুর রহমান।
১ কোটি রুপি: সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ।
৭৫ লাখ রুপি: রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা।