প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ ১৯:৫৫ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৪ ১৯:৫৬ পিএম
সাদা পোশাকে আগামীকাল শেষবারের মতো নামবেন ইমরুল, তার আগে ক্যারিয়ারের স্মৃতি রোমন্থন করেছেন টাইগার ক্রিকেটার— সংগৃহীত ছবি
লাল বলের ক্রিকেট ছাড়ার ঘোষণা দুদিন আগেই দিয়েছেন ইমরুল কায়েস। আজ প্রায় আট মিনিটের একটি ভিডিওতে জানিয়েছেন তার ক্রিকেট খেলোয়াড় হওয়ার গল্প, সাগর নাম ইমরুলে বদলে যাওয়ার কাহিনী এবং স্মৃতিচারণ করেছেন না বলা অনেক স্মৃতি। টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেটে শেষের শুরুতে দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন। আগামীকাল শনিবার জাতীয় ক্রিকেট লিগে পঞ্চম রাউন্ড খেলে সাদা পোশাক তুলে রাখবেন ইমরুল।
মিরপুর শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে খেলবে ইমরুলের দল খুলনা। সকাল ১০টায় শুরু হওয়া ম্যাচটি নিয়েই আগের দিন আবেগপ্রবণ বার্তা দিয়েছেন টাইগার ওপেনার। ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তটাকে নিজের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত বলেই উল্লেখ করেছেন ইমরুল, ‘১৬ তারিখ আমি আমার ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি করতে যাচ্ছি। এটা আমার জীবনের গত ১৭ বছরের সবচেয়ে কঠিন এবং আবেগঘন মুহূর্ত।’
এরপর নিজের ক্রিকেটার হওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা বাবাকে নিয়ে তিনি স্মৃতিচারণ করেন ইমরুল, ‘যে মানুষটা না থাকলে হয়তো আমার ক্রিকেটার, কিংবা আজকের ইমরুল কায়েস হয়ে ওঠা হতো না। সেই মানুষটা আমার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষ, আমার বাবা। আমার বাবা সবসময় বলতো, যেদিন তুমি লর্ডস এ খেলবা, আর ব্যাট উঠাবা দর্শকদের দিকে, সেইদিন আমি হবো সবচেয়ে হ্যাপি মানুষ। মেহেরপুরে, আমার যখন মাত্র ৬-৭ বছর বয়স, তখন বাবা আমাকে একটা ক্রকেট ব্যাট বানিয়ে দিয়েছিলেন। তারপর তিনি বল করতেন, আমি ব্যাট করতাম। আমি সবসময় চেষ্টা করেছি, ক্রিকেটটাকে আমার বাবার আদর্শ আর সততারর জালে ঘিরে রাখার।’
দেশের জার্সিতে ক্যারিয়ার লম্বা হতে না পারার আক্ষেপ যেমন ঝড়েছে ইমরুলের ভিডিও বার্তায়, তেমনি নতুন প্রজন্মের জন্যও জানিয়েছে শুভকামনা, ‘আমার দেশের হয়ে আরও অনেক কিছু দেবার ইচ্ছা ছিলো। কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে, আমি চাই আমার ইচ্ছার বাকিটুকু নতুন প্রজন্মের ছেলেরা করুক, ইনশাআল্লাহ। তাদের হাত ধরে বাংলাদেশ একদিন ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক বেশি সম্মান বয়ে আনুক, বিশ্ব জয় করুক বাংলাদেশ!’
ইমরুল জানিয়েছেন লাল বলের ক্রিকেট ছাড়লেও ওয়ানডে আর টি-টোয়েন্টি ক্রিকেট আরও কিছুদিনের জন্য চালিয়ে যেতে চান, ‘আমি শুধু টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি। আমি ওডিআই এবং টি-টোয়েন্টি ক্রিকেট আরও কয়েক বছর কন্টিনিউ করতে চাই, স্পেশালি বিপিএল এবং ডিপিএল খেলতে চাই। আমি আশা করি, বিসিবি আমার ইচ্ছাটাকে সম্মান দিবে এবং সম্মত হবে। যদি কখনও আবার সুযোগ হয়, আপনাদের এই ভালোবাসা নিয়েই আমি দেশের ক্রিকেটের উন্নতির জন্য ভিন্ন পেশা নিয়ে কাজ করতে চাই।’
সবশেষ ইমরুল জানিয়েছেন, নিজের শেষ খেলার পর দর্শকদের সঙ্গে সময় কাটাতে চান, ‘১৬ তারিখ মিরপুর স্টেডিয়ামে খেলা শেষে কিছু মুহূর্ত কাটাতে চাই আপনাদের সাথে, যাদের ভালোবাসায় ভর করে এগিয়ে গেছে আমার পুরো জার্নিটা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ১৬ তারিখ, খেলা শেষে দেখা হবে। আর দেখা হবে ক্রিকেটের বিজয়ে! বাংলাদেশের বিজয়ে!’