× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিবি’র ডাক না পাওয়ার আক্ষেপ রফিকের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ ১৯:১১ পিএম

স্পিন বোলিং কোচ রফিক আশাবাদী বিসিবি’র ডাক পাবেন, খেলোয়াড়ি জীবনে যা শিখেছেন তা টাইগার স্পিনারদের মাঝে ছড়িয়ে দেবেন— সংগৃহীত ছবি

স্পিন বোলিং কোচ রফিক আশাবাদী বিসিবি’র ডাক পাবেন, খেলোয়াড়ি জীবনে যা শিখেছেন তা টাইগার স্পিনারদের মাঝে ছড়িয়ে দেবেন— সংগৃহীত ছবি

অবসরের পর বাকি সবার মতো মোহাম্মদ রফিকও চেয়েছিলেন ক্রিকেটের সঙ্গেই থাকবেন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পিনার বেছে নেন কোচিং পেশা। ক্রিকেটে যা কিছু অর্জন বা শিখেছেন তা টাইগারদের মাঝে ছড়িয়ে দেওয়ার ইচ্ছে পুষেই আছেন। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ডাক পাননি। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করা রফিক সেই আক্ষেপই ঝেড়েছেন। তবে আশায় বুক বাঁধছেন, সুযোগ আসলে ক্রিকেটের স্বার্থে পুরোটা ঢেলে দেবেন।

গ্লোবাল সুপার লিগকে সামনে রেখে মিরপুরে অনুশীলন করেছে রংপুর রাইডার্স। আজ শুক্রবার রফিক শুনিয়েছেন টুর্নামেন্টে দলের চাওয়া, নিজের কোচিং এবং বিসিবিতে স্থানীয় কোচদের সম্ভাবনার কথা। ক্রিকেট ছাড়ার পর এতদিনেও বিসিবি কখনও ডাকেনি বলেই রফিকের হতাশা।

রফিক বলেছেন, ‘আমরা কিন্তু সবসময়ই রেডি থাকি। কখন বোর্ড ডাকবে। দুঃখের বিষয় অনেকদিন হলো অবসর নিয়েছি, এখন পর্যন্ত তারা সাড়া দেয়নি। কিন্তু আমরা তাদের আশায় তো বসে থাকিনি। আমরা ঘরোয়া ক্রিকেটের খেলায় আছি শেখ জামাল আছে, রংপুর রাইডার্স আছে। আমরা কিন্তু ক্রিকেট নিয়েই ব্যস্ত থাকি।’

কদিন আগেই বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে যুক্ত হয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন। আগের দিন মিরপুরে মোহাম্মদ আশরাফুল বলেছিলেন, ‘পথ খুলে দিচ্ছেন সালাউদ্দিন।’ সেই একই সুর রফিকের কণ্ঠেও। সালাউদ্দিনের আরেকবার ডাক পড়ায় দেশের কোচদের সম্ভাবনার দুয়ার খুলে গেছে বলে মনে করেন রফিক। দ্রুত ফলাফল না আসলেও দেশি কোচদের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম ১০০ উইকেট নেয়া এই স্পিনার।

সুযোগ না পাওয়ার হতাশা প্রকাশ করলেও রফিক আশাবাদী টাইগার ক্রিকেটে দেশি কোচের অবদান রাখবেন, ‘আমরা ক্রিকেট খেলে যে অভিজ্ঞতাটা নিয়েছি সেটা আমরা দেশের মানুষকে ভাগাভাগি করতে পারছি না। এটা কিন্তু দুঃখ লাগে যে কেন পারছি না। দিন দিন কোচিংয়ের জায়গাটার উন্নতি হচ্ছে এটা ভালো। সালাহউদ্দিন কোচ হিসেবে যাচ্ছে, ফলাফল ভালো হলে ভালো হবে। খেলবে তো প্লেয়ার। আমরা কোচ হিসেবে কাজ করি আমরা হয়তো তাদের টিপস দিচ্ছি।’

স্থানীয় কোচের ওপর আস্থা রাখে না বিসিবি, এমন অভিযোগ পুরোনো। বাস্তবেও দেখা যায় খুব একটা দেশি কোচদের ওপর ঝোকে না টাইগারদের ক্রিকেট বোর্ড। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বদলে যাওয়া বিসিবিতে সেই সুযোগ পেয়েছেন দেশি কোচ সালাউদ্দিন। রফিকের বিশ্বাস সালাউদ্দিন বা তারা যারা খেলোয়াড়দের নিয়ে কাজ করছেন, তারা একসময় বাংলাদেশকে ভালো কিছু এনে দেবেন।

তবে সময় চেয়েছেন রফিক, আস্থা রাখতে সমর্থকদের আমন্ত্রণ জানিয়েছেন, ‘এখানে আমাদের শেখার কিছু নাই, খেলবে কিন্তু ওরাই। দেখতে হবে টিপস যে দিচ্ছি সেটা ওরা কাজে লাগাচ্ছে কিনা। এটা সবচেয়ে বড় বিষয়। বাংলাদেশের কোচরা কাজ করছে একটি ইতিবাচক দিক। হতে পারে আপনি তাড়াতাড়ি ফলাফল পাবেন না। যখন সারা বাংলাদেশে স্থানীয় কোচ ছড়িয়ে যাবে সবাই সবাইকে চিনবে। তখন ফলাফলটা ভালো পাবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা